• অনুব্রতের পার্টি অফিসে তালা ঝোলাল বিজেপি, কী কারণ?
    এই সময় | ০৭ জুলাই ২০২৬
  • বীরভূম জেলা তৃণমূলের প্রধান কার্যালয়, যেটি অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত, সেই অফিসে তালা মেরে দিল বিজেপি। অভিযোগ, এই অফিস থেকেই তৃণমূল কাউন্সিলারদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। আরও অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে এই কার্যালয় থেকে ভোট পরবর্তী হিংসারও নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এ ব্যাপারে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    রোজকার মতো মঙ্গলবার সকালেও পার্টি অফিস খুলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, তার পরেই কয়েক জন যুবক পার্টি অফিসে ঢোকেন। তাঁরা তৃণমূলের লোকেদের পার্টি অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। কোনও রকম বিবাদে না গিয়ে তৃণমূলের লোকেরাও বেরিয়ে যান। তার পরেই পার্টি অফিসের মেন সুইচ বন্ধ করে ২টি গেটে তালা মেরে দেওয়া হয়। তাঁরা নিজেদের বিজেপির কর্মী বলেই পরিচয় দিয়েছেন। তাঁরা জানান, এই পার্টি অফিসে বসেই ভোট পরবর্তী হিংসার নির্দেশ দেওয়া হয়েছিল পাঁচ বছর আগে। শুধু তা-ই নয়, এ বারের ভোটে ভরাডুবির পরে পুরপ্রতিনিধি ও পুরপ্রধানদের কাজ না করার নির্দেশও দেওয়া হয়েছে ওই কার্যালয় থেকে। তাই নির্বাচনের পর থেকে বোলপুর-সহ নানা পুরসভায় বিভিন্ন পরিষেবা ব্যাহত হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

    বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, ‘বোলপুর পুরসভার কোনও ওয়ার্ডেই কোনও কাজ হচ্ছে না। এই পার্টি অফিস থেকেই কাউন্সিলারদের কাছে নির্দেশ যাচ্ছে। কাউন্সিলাররা পদত্যাগও করছে না, আবার কাজও করছে না। শুধু ঘরে বসে আছে। তাই আমরা এই পার্টি অফিসে তালা মারলাম।’

  • Link to this news (এই সময়)