• বাম আমলের লাল, তৃণমূলের নীল-সাদা অতীত! বাংলায় সরকারি বাসের রং এবার গেরুয়া, জানালেন অর্জুন
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
  • এবার বাংলার রাস্তায় চলবে গেরুয়া রঙের বাস! রাজ্যে পালাবদলে প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে। কলকাতার একাধিক রাস্তার নীল-সাদা রং বদলে গেরুয়া হচ্ছে। এবার বাসের রংও বদল হচ্ছে। সরকারি বাসের রং এবার থেকে গেরুয়া হবে। এমনই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মন্ত্রী বলেন, “আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রঙ করা হবে।”

    বাংলায় দীর্ঘ ৩৪ বছর বাম সরকার ছিল। বাম আমলে সরকারি বাসের রং ছিল লাল। কলকাতা শুধু নয়, রাজ্যের দূরপাল্লার সরকারি বাসগুলির রংও ছিল লাল। ২০১১ সালে বাম সরকারের পতন হয়। রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। রাতারাতি রং বদলের রাজনীতি শুধু হয়। রাস্তার রেলিং থেকে অফিসের দেওয়ালের রঙ বদলে নীল-সাদা হয়ে যায়। এই রঙের বদল আসে সরকারি বাসেও। সরকারি বাসগুলির রংও বদলে নীল-সাদা হয়ে যায়।

    এবার রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল জমানার একাধিক বদল হচ্ছে। পরিবর্তনের বাংলায় এবার সরকারি বাসের রংও বদলে যাচ্ছে। এমনই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এই নিয়ে দিন কয়েক ধরেই কানাঘুসো চলছিল। সেটিকেও এবার মান্যতা দিলেন অর্জুন। আজ, মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই সরকারি বাসের নতুন রং প্রসঙ্গ ওঠেন। মন্ত্রী বলেন, “গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে।” অর্থাৎ, নতুন যে সব সরকারি বাস আসবে, সেগুলি রং গেরুয়া হবে এবার থেকে। পুরনো যে সব বাস রাস্তায় চলছে সেগুলির রংও কি বদল হবে? সেই চর্চাও শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)