তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে অর্থ সাহায্য, বিনামূল্যে ওষুধ, যোগ্যতা অনুযায়ী কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর!
প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
তারাতলা কাণ্ডের (Taratala Factory Collapse) পরই মৃতদের পরিবার ও আহতদের অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার নিহতদের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। সেই অনুষ্ঠানেই বরাবর হতাহতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে ওষুধ দেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি। নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু।
গত ২৪ জুন দুুপুরে আচমকাই তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ গোডাউন। সেই সময় কাজ চলছিল। ফলে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে পুলিশ, দমকল, এনডিআরএফ। নামানো হয় সেনা। একাধিক শ্রমিকের মৃত্যু হলেও অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের। মঙ্গলবার নিহত ও আহতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন নিহতদের পরিবারের কাছে তাঁদের সমস্যা, কী চাইছেন, তাও জানতে চান তিনি। সেখানেই এক মৃত শ্রমিকের স্ত্রী কাজের আর্জি জানান।
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দিচ্ছি, ওনারা দেখে নেবেন কোথায় কী কাজের সুযোগ রয়েছে। আপনারা সরাসরি পুরসভায় যোগাযোগ করবেন। স্মিতা পাণ্ডে ও অগ্নিমিত্রা পাল বিষয়টা দেখে ৭ থেকে দশ দিনের মধ্যে জানাবেন। আশা করছি কিছু করতে পারব। তবে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাও একবার দেখতে হবে। মাধ্যমিক পাশ না হলে সমস্যা।” সেই মিটিংয়েই আহতদের ও নিহতদের পরিবারকে যদি পুরসভার কোনও কাজে যুক্ত করা যায়, তা দেখার নির্দেশ দেন। এছাড়াও শুভেন্দু জানিয়েছেন, নিহতদের পরিবারকে মাসে মাসে একটা টাকা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য। এখানেই শেষ নয়, বিপর্যয়ে আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রাজ্যের তরফে একেবারে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।অনুষ্ঠান থেকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে এসংক্রান্ত নির্দেশও দেন শুভেন্দু।