• দিঘা থেকে হাওড়ার ট্রেনে বিকল ইঞ্জিন, কাঁথিতে চার ঘণ্টারও বেশি সময়ে আটকে পড়লেন যাত্রীরা
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • দিঘা থেকে হাওড়াগামী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে আজ দুপুর ১২:৪৫ থেকে কাঁথি স্টেশনের কাছে আটকে পড়ে ট্রেনটি। দীর্ঘ সময় পার হলেও ট্রেন সচল না হওয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

    যাত্রীদের অভিযোগ,এই দীর্ঘক্ষণেও রেলের তরফে পানীয় জলের কোনও ব্যবস্থা করা হয়নি, এমনকি স্টেশনের শৌচাগারগুলির অবস্থাও অত্যন্ত শোচনীয়। ফলে শিশু ও বয়স্কদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। অন্য দিকে, কাঁথির স্টেশন মাস্টার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন সারানোর কাজ চলছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে দ্রুত একটি বিকল্প ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে। পাঁচটার সময় পাঁশকুড়া থেকে স্পেশাল ট্রেন এসে যাত্রীদেরকে নিয়ে যায়। প্রায় চার ঘণ্টা ১৫ মিনিট ধরে আটকে ছিল ট্রেনটি। এর জেরে বিপাকে পড়েন যাত্রীরা, তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

    প্রসঙ্গত, স্পেশাল এক্সপ্রেস হিসেবে চলা সাঁতরাগাছি-দিঘা ট্রেন দু’টিকে এবার স্থায়ীভাবে ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় মার্চ মাসে। ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধা কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে সপ্তাহান্তে দিঘা ভ্রমণে যাওয়া যাত্রীদের জন্য এই উদ্যোগ ছিল অত্যন্ত স্বস্তির খবর।

    রেলের পক্ষ থেকে জানানো হয়, ০২৮৪৭/৪৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে চালু হচ্ছে ৫৮০২৫/২৬ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার। পাশাপাশি ০২৮৯৭/৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেসের পরিবর্তে চলবে ৫৮০২৯/৩০ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। আগে স্পেশাল পরিষেবা হিসেবে সীমিত সময়ে চললেও সেই থেকে নিয়মিত সূচি মেনে ট্রেন চলায় যাত্রীদের সুবিধা হচ্ছিল। কিন্তু এদিন ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
  • Link to this news (News18 বাংলা)