• ঠিক যেন কংস মামা! আছড়ে খুন করলেন ভাগ্নেকে
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মানসিক ভারসাম্যহীন এক শিশুকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল তার মামা এবং মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বারালা গ্রামে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম আব্দুর রাইহান। বয়স তিন। এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সাগরদিঘি থানার পুলিশ মৃত ওই শিশুর মামা ইসরাইল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সাগরদিঘি থানার পুলিশ মৃত আব্দুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারনে এই খুন পুলিশ তা তদন্ত করে দেখছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ আব্দুরের মা আলিমুন খাতুন নিজের শ্বশুরবাড়ি থেকে বারালায় বাপের বাড়িতে আসেন। অভিযোগ উঠেছে এর কিছুক্ষণ পরে আলিমুন এবং তাঁর এক ভাই ইসরাইল শেখ হঠাৎই আব্দুর রাইহানকে তুলে আছাড় মারেন এবং তারপর গলায় পা দিয়ে চিপে ধরেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পরে বাড়ির লোকেরাই উদ্ধার করে নিকটবর্তী সাগরদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

    কিন্তু কী কারনে ছোট্ট আব্দুরকে খুন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আব্দুর রাইহান জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী ছিল। স্বাভাবিকভাবে সে চলাফেরা বা কথা বলতে পারত না। সম্ভবত সেই কারণেই আব্দুরকে নিয়ে পরিবারের মধ্যে কিছু অশান্তি চলছিল। সেই আক্রোশ থেকে আব্দুরকে খুন করা হয়ে থাকতে পারে।

    তবে কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে সেই বিষয়ে সাগরদিঘি থানার পুলিশ এখনও নিশ্চিত নয়। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ। 

    মৃত ওই শিশুর এক আত্মীয়া জাহানারা বিবি বলেন," ছোট্ট আব্দুরকে তার মা আলিমুন খাতুন এবং মামা ইসরাইল শেখ এবং পরিবারের অন্য কয়েকজন সদস্য একসঙ্গে খুন করেছে।"

     
  • Link to this news (আজকাল)