• বাদুড়ঝোলার দিন অতীত, বিধায়কের চালে খানাকুলে চুপসে গেল ট্রেকারের 'দাদাগিরি
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • দীর্ঘ ১৪ বছরের এক অন্তহীন অপেক্ষা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়েছে যাতায়াত। তবে এবার ফিরল সুদিন। হুগলির খানাকুলের চব্বিশপুর থেকে তারকেশ্বর যাত্রীবাহী বাস পরিষেবা ফের চালু হল। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁর উদ্যোগে মঙ্গলবার চব্বিশপুর বাজারে অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবার সূচনা করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই নির্দিষ্ট রুটে আচমকা ট্রেকারের দাপট মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। অভিযোগের তির ছিল শাসকদলের স্থানীয় নেতাদের দিকে। ট্রেকারের একচেটিয়া দাপটের সঙ্গে পাল্লা দিতে না পেরে রাস্তা থেকে উঠে গিয়েছিল যাত্রীবাহী বাস। ফলে, গত ১৪ বছর ধরে চব্বিশপুর ও খানাকুল এলাকার সাধারণ মানুষকে বাসের অভাবে বারবার নিতে হয়েছে জীবনের ঝুঁকি।

    উল্লেখ্য, চব্বিশপুর এলাকাটি ভৌগোলিক দিক থেকে খানাকুল থানার অন্তর্গত হলেও এটি পুরশুড়া বিধানসভার মধ্যে পড়ে। বিধানসভা ভোটের প্রচারের সময় এলাকার মানুষ তাঁদের এই দীর্ঘদিনের যন্ত্রণার কথা জানিয়েছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষকে। তিনি তখন সংকল্পপত্রে কথা দিয়েছিলেন, সুযোগ পেলে তাঁর প্রথম কাজই হবে এই রুটে বাস ফিরিয়ে আনা। সেই প্রতিশ্রুতি এদিন ৭ জুলাই থেকেই ফের ওই রাস্তায় শুরু হয়েছে বাস পরিষেবা।

    পরিষেবা ফের চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার নিত্যযাত্রীরা। অনেকের অভিযোগ, মেয়েদের পর্যন্ত বাধ্য হয়ে ট্রেকারের ছাদে উঠতে হতোও। অনেকে এই রুটে বাস ফেরার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ১৪ বছর পর আবার ফিরেছে সুদিন। জানা গিয়েছে, আপাতত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তর বাস পরিষেবা দেওয়া হবে।
  • Link to this news (News18 বাংলা)