: অবশেষে মিলল স্বস্তি! পুজোর আগেই সুখবর। জলপাইগুড়ির তিন নম্বর রেল গুমটিতে ফ্লাইওভারের সবুজ সংকেত, কবে শুরু কাজ? জানালেন ডিআরএম। জলপাইগুড়ি শহরের বহু প্রতীক্ষিত তিন নম্বর রেল গুমটির ফ্লাইওভার প্রকল্প অবশেষে অনুমোদন পেল। মঙ্গলবার কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডি আর এম) কিরেন্দ্র নারা নিজেই এই সুখবর জানালেন। বিশেষ ট্রেনে নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা করে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে যাওয়ার পথে তিনি জলপাইগুড়ি টাউন স্টেশন ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।
শহরবাসীর দীর্ঘদিনের সমস্যা ছিল তিন নম্বর রেল গেট। প্রায় প্রতিদিনই এই গেটের কারণে যানজট, দেরি এবং নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছত। প্রতিটি নির্বাচনের সময় এই গুমটিতে ফ্লাইওভার নির্মাণ ছিল অন্যতম প্রধান দাবি। অবশেষে সেই দাবিই বাস্তবের পথে একধাপ এগোল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় রেল মন্ত্রকের কাছে এই সমস্যার গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটির অনুমোদন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে জানা গেছে।
ডিআরএম জানান, আর এইচ-৫ এবং আর এইচ-৬ এর মধ্যে এই ফ্লাইওভার নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি টিম গঠন করে প্রকল্পের কাজ শুরু করা হবে। এদিন ডিআরএম অমৃত ভারত প্রকল্পের আওতায় জলপাইগুড়ি টাউন স্টেশনের উন্নয়ন কাজও পরিদর্শন করেন। স্টেশন আধুনিকীকরণের কাজ কতটা এগিয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। জলপাইগুড়ি শহরবাসী কার্তিক দাস তিনি জানান শহরের মূল সমস্যা তিন নম্বর গুমটি রেলগেট আর এই রেলগেট হয়ে গেলে শহরের মূল সমস্যা দূর হবে।
রেল সূত্রে খবর, পুজোর আগেই নতুন রূপে সেজে উঠতে পারে জলপাইগুড়ি টাউন স্টেশন। সব মিলিয়ে, বহু বছরের অপেক্ষার পর ফ্লাইওভার প্রকল্পের অনুমোদন শহরবাসীর জন্য বড় স্বস্তির খবর।