পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার ফতলপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মধুসূদন দাস। তাঁর বাড়ি মন্তেশ্বর থানার জামনা এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে সৌমিত্র দাস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে ছেলে সৌমিত্রর মোটরবাইকে চেপে কুসুম গ্রামের দিকে গিয়েছিলেন মধুসূদন দাস। ওষুধ নিয়ে ফেরার পথে ফতলপুর এলাকায় রাস্তায় ফেলে রাখা পাথরের উপর বাইক উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বাবা-ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আঘাত পান মধুসূদন দাস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ছেলে সৌমিত্র দাস চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ মৃতের ভাইপো সুদীপ দাস রাস্তায় বেআইনিভাবে পাথর ফেলে রাখার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই কাঁচরাপাড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত কৃতি ছাত্রী ঋত্বিকা সাহা। জোনপুর রবীন্দ্রনগরের বাসিন্দা ঋত্বিকা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে পড়ে গোটা কাঁচরাপাড়া জুড়ে। জানা গিয়েছে, পুরনো পোস্ট অফিসের সামনে একটি স্কুটিতে ঋতিকা-সহ আরও এক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি আসা একটি দ্রুতগতির বাইকের সংঘর্ষ হয়। তীব্রগতিতে ধাক্কার জেরে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় ঋত্বিকা সাহা-সহ আরেক আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঋতিকাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।