• বারুইপুরে আক্রান্ত কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, 'কাউকে ছাড়া হবে না', হুশিয়ারি
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরে নিহত কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালেও যান তিনি। যাদের জন্য পুলিশ আক্রান্ত হল তাদের উদ্দেশে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। কিশোরীকে খুনে যারা জড়িত, তাদের পাশাপাশি পুলিশকে যারা মারধর করেছে তাঁদের শাস্তি হবে বলে হুঁশিয়ারি দেন।

    “গতকাল বারুইপুরে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন রাজ্য পুলিশের কনস্টেবল শ্রী অমিত সরকার। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আজ অমিতবাবুকে দেখতে এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নিজের কর্মক্ষেত্রে ফিরবেন।”

    হাসপাতাল থেকে আক্রান্ত কনস্টেবলকে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যারা পুলিশের ওপর হামলা চালাল তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কাউকে ছাড়া হবে না, সব গুন্ডাকে ধরা হবে।”

    প্রসঙ্গত, আজ বারুইপুর এসপি অফিস থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে অপরাধ দমন নিয়ে পুলিশের ভূমিকা সবসময় সক্রিয় রাখতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের ওপর সংগঠিত অপরাধ দমন থেকে দুষ্কৃতীদের গুন্ডাগিরি দাদাগিরি কড়া হাতে দমন করতে হবে। কোনও ধরনের অবহেলা খামতি যাতে না থাকে পদক্ষেপ গ্রহণে, বৈঠকে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে নজরদারি থাকে তাও সুনিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ডিজিপি-কে ৭২ ঘণ্টা সময় দিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১ শতাংশ শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (News18 বাংলা)