রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, এই দুটি ট্রেনে যুক্ত করা হচ্ছে একাধিক এসি থ্রি-টিয়ার ও স্লিপার কোচ। যার ফলে পর্যটকদের দিঘা সফর হবে আরও অনেক বেশি আরামদায়ক। দক্ষিণ পূর্ব রেলের তরফে লা হয়েছে, আগামী ২৭ অগাস্ট থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারী এক্সপ্রেসে সম্পূর্ণ নতুন এবং আধুনিক কোচ কম্পোজিশন চালু করা হচ্ছে।
শুধু দিঘা যাওয়া নয়, হাওড়া ফেরার পথেও একই সুবিধা পাবেন যাত্রীরা। নতুন কোচ কম্পোজিশন ঠিক কেমন হবে সেটাও জানা গিয়েছে। ২৭ অগাস্ট থেকে দুটি ট্রেনেই চেয়ার-কারের বদলে যুক্ত হচ্ছে ঘুমানোর সুবিধা। নতুন নিয়মে প্রতিটি ট্রেনে থাকবে, ৪টি জেনারেল কোচ, ৫টি নন-এসি চেয়ার কার, ১টি এসি চেয়ার কার, ২টি স্লিপার ক্লাস, ২টি এসি থ্রি-টিয়ার ইকোনমিক ক্লাস, ১টি এসি থ্রি-টিয়ার ক্লাস, ১টি প্যান্ট্রি কার এবং লাগেজ-সহ গার্ড ভ্যান।
বর্তমানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে ৯টি নন-এসি চেয়ার কার ও মাত্র ২টি এসি চেয়ার কার রয়েছে। কান্ডারী এক্সপ্রেসের ক্ষেত্রেও প্রায় একই হিসাব। নতুন নিয়মে আসন সংখ্যায় বড়সড় বদল এনে ট্রেনের সিংহভাগ জুড়েই স্লিপার ও থ্রি-টিয়ার এসি রাখা হচ্ছে। রেল সূত্রে খবর, নতুন কম্পোজিশনে ২টি এসি থ্রি-টিয়ার ইকোনমিক ক্লাস যুক্ত করার ফলে সাধারণ মধ্যবিত্ত যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় শুয়ে শুয়ে এসি জার্নির ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন।