• রথযাত্রায় বাজেট বাড়িয়ে দিল সরকার, তালিকায় মুখ্যমন্ত্রীর জেলার চার কমিটি! কবে মিলবে টাকা?
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • সামনেই রথযাত্রা। রথযাত্রার প্রস্তুতি ইতিমধ্যেই দিকে দিকে শুরু হয়েছে। আর তারই মধ্যে খুশির খবর। বাংলার প্রাচীন রথগুলিকে নিয়ে বিশেষ ভাবনা রাজ্য সরকারের। সেই খবর জেলায় জেলায় ছড়িয়ে পড়তে রথ কমিটিদের মধ্যে উচ্ছ্বাস! পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিখ্যাত রথ মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। যদিও এই রথযাত্রা বর্তমানে পরিচালিত হয় মহিষাদল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে। এর পাশাপাশি তমলুকে মহাপ্রভুর মন্দিরের রথ তারপরই আসে মেচেদা ইস্কন পরিচালিত জগন্নাথ দেবের রথযাত্রা। এই তিনটি রথের সঙ্গে নবতম সংযোজন দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা। আর এই চারটি রথ কমিটি রাজ্য সরকারের অনুদান পাচ্ছে।

    রথযাত্রাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে খুশির হাওয়া। অন্যান্য জায়গার পাশাপাশি রাজ্য সরকারের তরফে জেলার চারটি বড় রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয়েছে রথের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার পূর্ব মেদিনীপুরের চারটি ঐতিহ্যবাহী রথযাত্রা অনুদান পাচ্ছে। মহিষাদলের প্রাচীন রথ, মেছেদা ইসকনের রথযাত্রা, তমলুক মহাপ্রভু মন্দিরের রথ এবং দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা রাজ্য সরকারের আর্থিক সহায়তার আওতায় এসেছে। প্রতিটি রথ কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

    এ বিষয়ে জেলাশাসক জানান নিরঞ্জন কুমার জানান, “রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জেলার চারটি রথ কমিটিকে অনুদান দেওয়া হবে। টাকা হাতে এলেই সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্ট কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে।” জনপ্রিয়তার নিরিখে পুরী ও মাহেশের রথের পর মহিষাদলের রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে প্রতিবছর হাজার হাজার মানুষের ভিড় হয় মহিষাদলে। প্রায় ২৫০ বছরের প্রাচীন রথ এবং রথযাত্রার পথ পরিদর্শন করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়া মহকুমাশাসক সুরভি সিংলা, মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, সহ অন্যান্যরা।

    রথযাত্রায় রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদানের বিষয়ে, দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস বলেন, রাজ্যের বড় রথযাত্রাগুলির জন্য পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এর ফলে ঐতিহ্যবাহী রথযাত্রাগুলি আরও সুষ্ঠু ও বৃহত্তর পরিসরে আয়োজন করা সম্ভব হবে। ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনও এর মাধ্যমে আরও এগিয়ে যাবে বলে আশা করছি। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বহু জায়গায় রথযাত্রা মহোৎসব সাড়ম্বরের পালিত হলেও জেলার এই চারটি রথযাত্রা বিশেষ ভাবে বিখ্যাত। এবার তারাই পেতে চলেছে রাজ্য সরকারের অনুদান। ফলে খুশির হাওয়া রথ কমিটিদের মধ্যে।
  • Link to this news (News18 বাংলা)