বাংলায় বদল হয়েছে সরকারের। আর এবারে বদল দেখা যাবে রংয়েও। আসলে এবার বাংলার রাস্তায় চলবে গেরুয়া রঙের বাস! রাজ্যে পালাবদলে প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে। কলকাতার একাধিক রাস্তার নীল-সাদা রং বদলে গেরুয়া হচ্ছে। এবার বাসের রংও বদল হচ্ছে। সরকারি বাসের রং এবার থেকে গেরুয়া হবে। এমনই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
বাংলায় দীর্ঘ ৩৪ বছর বাম সরকার ছিল। বাম আমলে সরকারি বাসের রং ছিল লাল। কলকাতা শুধু নয়, রাজ্যের দূরপাল্লার সরকারি বাসগুলির রংও ছিল লাল। ২০১১ সালে বাম সরকারের পতন হয়। রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। রাতারাতি রং বদলের রাজনীতি শুধু হয়। রাস্তার রেলিং থেকে অফিসের দেওয়ালের রঙ বদলে নীল-সাদা হয়ে যায়। এই রঙের বদল আসে সরকারি বাসেও। সরকারি বাসগুলির রংও বদলে নীল-সাদা হয়ে যায়।
মন্ত্রী বলেন, ‘গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে।’ অর্থাৎ, নতুন যে সব সরকারি বাস আসবে, সেগুলি রং গেরুয়া হবে এবার থেকে। পুরনো যে সব বাস রাস্তায় চলছে সেগুলির রংও কি বদল হবে? সেই চর্চাও শুরু হয়েছে।
এই মুহূর্তে কলকাতা এবং শহরতলী মিলিয়ে এসি বাসের সংখ্যা কমবেশি ১২০০। এরমধ্যে দূরপাল্লার বাস এবং লোকাল বাস আছে। নন এসি বাসের সংখ্যা ৩০০০ মতো। নতুন করে পুজোর আগে দুর্দান্ত ফিচার এবং সুবিধাযুক্ত ৪০০ বাস নামানো হবে।
বিজেপির সরকার আসার পরে পরিবহণ ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছে বাংলায়। কলকাতার ঐতিহ্যশালী ট্রামকে নতুন ভাবে শহরের বুকে তুলে আনতে চলেছে। প্রায় ৭০টি রুট পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। শহরবাসীর যাতায়াত সহজ করতে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত একটি নতুন ট্রাম রুটও তৈরি করা হবে।
সল্টলেক, নিউ টাউন এবং বিভিন্ন ধর্মীয় পর্যটন করিডরেও ট্রাম লাইন সম্প্রসারণের রূপরেখা তৈরি করা হয়েছে। বিভিন্ন রুটে বেড়েছে বাসের সংখ্যা। বন্ধ হয়ে যাওয়া বাস রুটগুলি নিয়েও ভাবনা চিন্তা চলছে। নতুন রুটেও বাসের যাতায়াত শুরু হয়েছে। আর এ বার নতুন সরকারি বাস সাজবে গেরুয়া রঙে।