কাটমানি, তোলাবাজির অভিযোগ! বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ
প্রতিদিন | ০৮ জুলাই ২০২৬
তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ। এলাকার বহু মহিলাকে ভয় দেখানোর অভিযোগ। এ ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানোর পর পরিকল্পনা! বাড়িতে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে ধরে নিয়ে গেল পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে ধরল পুলিশ। আপাতত তাঁকে আটক করা হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। মাথাভাঙা শহর ব্লক মহিলা সভানেত্রী আসমিনা বেগমের বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি-সহ দুর্নীতির অভিযোগ ওঠে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তিনি এদিক-ওদিক লুকিয়ে বেড়াচ্ছিলেন। এ দিন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রীর বাড়ি ঘেরাও করে। তারপরই বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়িজুড়ে তল্লাশি চালানো হয়। খোঁজ মিলছিল না। অবশেষে বক্সখাটে তল্লাশি করতেই দেখা যায় তিনি সেখানে লুকিয়ে। বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কোচবিহার জেলার মহিলা মোর্চার সম্পাদক পুজা দাস বলেন, “তৃণমূলের এই সভানেত্রী আমাদের রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা করছিলেন। এনিয়ে গোপন বৈঠকও করে। আমরা এই অপমান নিতে পারব না। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। বক্সখাটের ভিতর থেকে ধরে থানায় গিয়েছে পুলিশ।”