উত্তরাখণ্ডের আইডি ব্যবহার করে সামসেরগঞ্জে অবৈধ আধার চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দোগাছি এলাকায় উত্তরাখণ্ডের একটি পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগে আবুল হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার দুপুরে ওসিমুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আবুল হাসান ওরফে ওসিমুল শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই আধার সংক্রান্ত এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন। সোমবারের ওই অভিযানে তল্লাশি চালিয়ে আধার কার্ড তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, বায়োমেট্রিক ডিভাইস, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস স্ক্যানিং যন্ত্র এবং প্রিন্টারসহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে উত্তরাখণ্ডের আইডি ব্যবহার করে এই চক্র চালানো হচ্ছিল এবং এর পিছনে অন্য কোনও ব্যক্তি বা আন্তর্জাতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্য ও নথিপত্র পরীক্ষা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে জাল আধার কার্ড তৈরি করা হত তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে আজই তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।
শুধু সামশেরগঞ্জ নয়, নবগ্রামে গত চব্বিশ ঘণ্টা আগেও অভিযান চালায় পুলিশ জাল আধার কার্ড চক্রের জন্য। ৫ জুলাই মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল একজনকে। নবগ্রাম থানার রসুলপুর পঞ্চায়েতের ঝুলেনপুর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ওই গ্রামের একটি বাড়িতে নকল আধার কেন্দ্রে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। ধৃত যুবককে সোমবার আদালতে পাঠিয়েছিল পুলিশ। বর্তমানে সেও পুলিশ হেফাজতে রয়েছে।