• 'রচনাদি একমাত্র অমিতাভ বচ্চনের কলকাতার বাঙালি নায়িকা, বাকিরা মুম্বইয়ের', দাবি কনীনিকার
    আজকাল | ০৭ জুলাই ২০২৬
  • সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় দু'টো বিস্ফোরক দাবি করেন। জানান তিনি একমাত্র বাঙালি অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। আর দ্বিতীয়, আরবানায় থাকতে গেলে 'যোগ্যতা' লাগে। তাঁর এই দুই বক্তব্য নিয়ে জোর ট্রোলিং, হাসি মজা চলেছে। এবার গোটা ঘটনায় তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন 'দিদি নম্বর ওয়ান'কে সমর্থন করে কী বললেন তিনি?

    আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে, এই প্রসঙ্গে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "প্রসঙ্গটা হারিয়ে গিয়ে রচনাদিকে আক্রমণ করা হয়েছে। এই ক্ষেত্রে একটাই কথা বলব, উনি আমার থেকে অনেক সিনিয়র, কোনও কথা তিনি মিথ্যে বলেননি। উনি আরবানায় থাকেন ওই দলে যোগ দেওয়ার অনেক বছর আগে থেকে।" ফলে নাম না করে তিনি যে এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গই বুঝিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।

    এরপরই রচনার বলা অমিতাভ বচ্চনের একমাত্র বাঙালি নায়িকা প্রসঙ্গে কনীনিকা বলেন, "উনি ৭টা ভাষায় সত্যিই কাজ করেছেন। উনি ১০০-১৫০ টা ছবি করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে একমাত্র বাঙালি অভিনেত্রী যিনি কলকাতা থেকে গিয়ে কাজ করেছেন। আর বাকি যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা বম্বের হিরোইন। বাঙালি। কিন্তু বম্বের হিরোইন। তাঁরা তারপর বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলেছেন। একটা, দু'টো সিনেমায় কাজ করেছেন। সুতরাং তাঁর দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত নয়। যা উনি বলেছেন, একেবারে ঠিক কথা বলেছেন। উনি কী প্রসঙ্গে কথাটা বলেছেন সেটা তো সবাই ভুলে গেলেন। তাঁকে কী কী বলা হয়েছে, সেটা তো কেউ মনে রাখলেন না। তিনি কোনও কারণে নিশ্চয় এতটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তাঁর নির্বুদ্ধিতা আমি বলব, যে তিনি ভেবেছিলেন এই মাধ্যম দিয়ে সেই মানুষটাকে বার্তা দেওয়া যাবে। তবে নির্বুদ্ধিতা নয়, আমি বলব ঠিকই কাজ করেছেন।"

    তবে কনীনিকা যতই দাবি করুন রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র কলকাতার বাঙালি নায়িকা যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন, তথ্য অন্য কথা বলছে। জয়া বচ্চন হিসেবে কিন্তু বিগ বি-জায়ার অভিষেক ঘটেনি। বরং জয়া ভাদুড়ী হিসেবে ১৯৬২ সালে 'মহানগর' ছবির মাধ্যমে ডেবিউ করেন তিনি। মৌসুমী চট্টোপাধ্যায় ১৯৬৭ সালে 'বালিকা বধূ' ছবির হাত ধরে ডেবিউ করেন, তারপর বলিউডে যান। এমনকী রাখি গুলজারও আগে বাংলা ছবি 'বধূ বরণ' -এ কাজ করেন তারপর বম্বে যান। এঁরা সকলেই পশ্চিমবঙ্গের বাঙালি, এখানেই কাজ শুরু করেন। তারপর মুম্বই যান।
  • Link to this news (আজকাল)