১ সেপ্টেম্বর থেকে বড় নিয়ম! বাড়ির আবর্জনা রাস্তায় ফেললেই গুনতে হবে মোটা জরিমানা
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
এবার থেকে শহরের অলিগলিতে বাড়ির নিত্যদিনের ব্যবহৃত নোংরা আবর্জনা ফেললেই গুনতে হবে মোটা অংকের জরিমানা। পয়লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হবে বলে জানা গেছে সিউড়ি পৌরসভার তরফ থেকে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এমনটাই ঘোষণা করেছিলেন। বীরভূম জেলার বিভিন্ন পৌরসভার সূত্রে জানা গিয়েছে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকীকরনের জন্য আগেই শহর জুড়ে নীল ও সবুজ বালতি বিলি করা হয়েছে।
তবে শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সাধারণ মানুষ সচেতন না। বালতিতে আবর্জনা না ফেলে রাস্তার বিভিন্ন ধারে নোংরা আবর্জনা জমা করছেন সাধারণ মানুষজন। বাড়ির আবর্জনা রাস্তায় অথবা নর্দমাই ফেলার প্রবণতা বাড়ছে দিন দিন। একাধিকবার সতর্ক করা হলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। আর সাধারণ মানুষকে সতর্ক করতে এবার সিউড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করা হয়।
পৌরসভার তরফ থেকে সাধারণ মানুষদের জানানো হয় পচনশীল বর্জ্য পদার্থ সবুজ বালতিতে এবং অপচনশীল বর্জ্য পদার্থ নীল বালতিতে ফেলার জন্য। পাশাপাশি বাড়িতে কোনও ধরনের আসবাসপত্র বা কাঁচের জিনিস ভেঙে গেলে সেই সমস্ত ভাঙা জিনিস সংগ্রহ করার জন্য পৌরসভার তরফ থেকে বিশেষ অভিযান চালানো হবে বলে জানা গেছে। বলা হয়েছে সেই সমস্ত ভাঙা জিনিস নর্দমায় না ফেলে বাড়ির মধ্যে রাখতে।
পৌরসভার তরফ থেকে জানা গেছে পৌরসভার লোকজন ভাঙা আসবাবপত্র বা মাটির আবর্জনা সংগ্রহের জন্য বাড়িতে যাবেন। পরিচ্ছন্নতা নিয়ে এই নিয়ম না মানলেই চলতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে মোটা অংকের টাকা জরিমানা করা হবে। এই বিষয়ে জেলা প্রশাসনের এক কর্তা জানান “রাজ্য সরকারের সমস্ত ধরনের নির্দেশ মেনে কাজ করা হচ্ছে।”