• সকালে তালা দিল বিজেপি, সন্ধে হতেই অনুব্রতর পাড়ার কার্যালয় খুলল তৃণমূলে! চাবি দিল কে? জোর জল্পনা
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • সকালবেলা অনুব্রত মণ্ডলের নিজের পাড়া বোলপুরের নিচুপট্টিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বিজেপি-র কর্মী, সমর্থকরা৷ সন্ধে গড়াতেই তালা খুলে সেই পার্টি অফিস ফের খুলল তৃণমূল৷ তবে পার্টি অফিসে তালা ঝোলানোর মতো তালা খোলার সময়ও দেখা যায়নি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ কিন্তু দলীয় কার্যালয় খোলার পর স্থানীয় বাসিন্দাদেরই প্রশ্ন, বিজেপি কর্মীদের লাগিয়ে যাওয়া তালার চাবি কোথায় পেলেন তৃণমূল কর্মীরা?

    মঙ্গলবার সকালে বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা বোলপুরে অবস্থিত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। দলীয় এই কার্যালয় থেকেই দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কাজ পরিচালনা করতেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, সেই সময় পার্টি অফিসের ভিতরে থাকা তৃণমূল কর্মীদেরও জোর করে বের করে দেওয়া হয়৷

    সূত্রের খবর, এই ঘটনা যখন ঘটে তখন দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে নিজের বাড়িতেই ছিলেন একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল৷ যদিও পার্টি অফিসে বিজেপি কর্মীরা তালা ঝুলিয়ে দেওয়ার সময় তাঁকে সেখানে দেখা যায়নি৷ তৃণমূলের পক্ষ থেকেও কেউ কোনও প্রতিরোধ করেননি৷ দেখা মেলেনি পুলিশেরও৷

    এরপর সন্ধ্যা নামতে হঠাৎ করেই খুলে যায় তৃণমূলের সেই তালাবন্ধ কার্যালয়ের দরজা। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরাই তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেন। তবে তাঁদের হাতে চাবি কীভাবে এল, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    যদিও এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মেলেনি বিজেপি-রও৷ ফলে তালা খোলার নেপথ্যের কারণ ও চাবি পাওয়ার বিষয়টি ঘিরে জল্পনা অব্যাহত রয়েছে।
  • Link to this news (News18 বাংলা)