লখনউ: বাদশাহি মেজাজ, তাও আবার প্রণামি চুরির টাকায়! রামমন্দির কাণ্ডের তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। অভিযুক্ত আট কাউন্টিং স্টাফের অন্যতম অবিনাশ শুক্লাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশের জেরার মুখে পড়ে শুক্লা জানিয়েছে, দানবাক্স থেকে হাতসাফাই করা লক্ষ লক্ষ টাকায় সে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মহার্ঘ উপহার দিয়েছে। সেই তালিকায় রয়েছে বান্ধবীর জন্য কেনা আইফোনও। ভক্তদের দানের টাকা সরিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছে ভাইয়ের। খরচ করেছে হাত খুলে। বিভিন্ন শখ মিটিয়েছে নিজেরও।
পুলিশের জেরায় শুক্লা জানিয়েছে , শুধুমাত্র পরিবার-পরিজন ও বন্ধবীর শখ-আহ্লাদ মেটাতেই ১৯ লক্ষ টাকা খরচ করেছে সে। এক ভাইয়ের বিয়েতে খরচ করেছে ৬ লক্ষ টাকা। আরও ৫ থেকে ৬ লক্ষ টাকা দিয়েছে অন্য এক ভাইকে। বান্ধবীর অ্যাকাউন্টে পাঠিয়েছে ২.৫ লক্ষ টাকা। সেই বন্ধবীকে উপহার হিসাবে কিনে দিয়েছে আইফোনও।