ভোটের বাকি ৭ মাস, ফাটল আরও চওড়া পাঞ্জাবের কংগ্রেস শিবিরে
বর্তমান | ০৮ জুলাই ২০২৬
চণ্ডীগড়: নির্বাচনের বাকি মাত্র সাত মাস। সাধারণত এই পর্বে ভোট পরিকল্পনা পুরোদমে শুরু করে দেয় রাজনৈতিক দলগুলি। তবে উলটো চিত্র পাঞ্জাবের কংগ্রেস শিবিরে। গোষ্ঠীদ্বন্দ্বের মোকাবিলা করাই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হাত শিবিরে। এবারও এই রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
১ জুলাই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, পাঞ্জাবের প্রধান হিসাবে দায়িত্বভার চালিয়ে যাবেন অমরিন্দর সিং রাজা। বিধায়ক দলের দায়িত্বে থাকছেন প্রতাপ সিং বাজওয়া। অন্যদিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রচার কমিটির ভার দেওয়া হয় চান্নিকে। এরপরেই আরও চওড়া হয় পাঞ্জাব কংগ্রেসের অন্দরের ফাটল। গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় সোমবার চণ্ডীগড়ে আসেন কংগ্রেসের পাঞ্জাব ইন চার্জ ভূপেশ বাঘেল। সেদিনই দিল্লি উড়ে যান চান্নি। সেদিনই পাঞ্জাব কংগ্রেসের কোর কমিটির প্রধান তথা আরেক বিদ্রোহী নেতা সুখবিন্দর সিং রানধাওয়ার সঙ্গে বৈঠক করেন চান্নি ও তাঁর অনুগামীরা। ওই বৈঠকের ছবি পোস্ট করে চান্নি লেখেন, ‘আগের বৈঠকের ধারাবাহিকতায়.... একতাই শক্তি।’
এই মুহূর্তে একের পর এক বিতর্কের কেন্দ্রে পাঞ্জাবের শাসক দল আপ ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তবে সেই অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারছে না হাত শিবির। বরং গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শতাব্দী প্রাচীন দলটির মধ্যে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে।