• দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী ৬৬ টি গ্রাম হবে ‘ভাইব্রান্ট ভিলেজ’
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বহু প্রান্তিক গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি পাল্টে দিতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। আপাতত জেলার ৬৬ টি গ্রামকে ‘ভাইব্রান্ট ভিলেজ’ হিসেবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে। সীমান্তের গ্রামের রাস্তা, বিদ্যুত্, টেলিকম ও ইন্টারনেট- এই চারটি বিষয়কে মূল প্রাধান্য দেওয়া হবে। স্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষি থেকে পশুপালন- বহু সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হবে। গ্রামে কর্মসংস্থানও বাড়বে। 

    মন্ত্রক সূত্রে খবর, প্রতিটি গ্রামে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্যে কোচবিহারের পর দক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ভাইব্রান্ট ভিলেজ গড়ে তোলা হবে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক করেছে। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিএসএফ এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরেছেন বালুরঘাটের বিডিও শোভন চৌধুরী।

    জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী ৬৬টি গ্রামকে ভাইব্রান্ট ভিলেজ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে রাস্তা, বিদ্যুত্, টেলিকম ও ইন্টারনেট ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। জেলার ছয়টি ব্লকের সীমান্তবর্তী গ্রামগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। 

    বালুরঘাটের বিধায়ক বলেন, সীমান্তবর্তী গ্রামগুলির জন্য কী কী করা যেতে পারে, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। ভাইব্রান্ট ভিলেজের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলি সবদিক থেকে সমৃদ্ধ হবে।  

    জেলায় আটটি ব্লক রয়েছে। বংশীহারি এবং হরিরামপুর বাদে বাকি ব্লকগুলি সীমান্ত ঘেঁষা। বালুরঘাট ব্লকের মধ্যে সবচেয়ে বেশি সীমান্তবর্তী গ্রাম রয়েছে। 

    বালুরঘাট ব্লকের ১৮ টি, হিলি ব্লকের ১৭ টি গ্রাম, তপন ব্লকের ১৭ টি, কুমারগঞ্জ ব্লকের আটটি, কুশমণ্ডি ব্লকের তিনটি এবং গঙ্গারামপুর ব্লকের তিনটি গ্রামকে ভাইব্রান্ট ভিলেজের আওতায় আনা হবে।

    আগে সীমান্ত উন্নয়ন তহবিলের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলির রাস্তাঘাট ও পরিকাঠামোগত উন্নয়ন হত। অভিযোগ, দীর্ঘবছর ধরে ওই প্রকল্পের বরাদ্দ মিলত না। ফলে সীমান্তবর্তী জেলার বহু গ্রামের রাস্তা এখনো বেহাল। ইন্টারনেট ব্যবস্থা খারাপ। বিদ্যুত্ পরিষেবা নিয়েও অভিযোগ সামনে আসে। ডবল ইঞ্জিনের সরকারে এবার সীমান্তের গ্রামগুলিতে বিকাশের রথ ছুটবে বলে দাবি বিজেপির।  
  • Link to this news (বর্তমান)