• বিজেপির পার্টি অফিস থেকে আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি! বিতর্ক
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদের ১৩নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিস থেকে আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি করা হচ্ছে। ফলে ফর্ম বিলিতে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে। এমনই অভিযোগে লালবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন কংগ্রেসের জেলা সম্পাদক অর্ণব রায়। মঙ্গলবার তিনি ই-মেল মারফত মহকুমা শাসকের কাছে অভিযোগপত্র পাঠান। মহকুমা শাসক পূজা মিনা বলেন, একটি অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের ফর্ম বিলির দায়িত্ব এক মহিলা পুরকর্মীর উপর ন্যস্ত হয়েছে। তিনি ওই ওয়ার্ডেরই বাসিন্দা। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি না করে ওই পুরকর্মী স্থানীয় বিজেপি অফিস থেকে তা বিলি করছেন। অর্ণববাবু বলেন, ওই ওয়ার্ডে বিজেপি অফিস থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বিলি এবং সংশ্লিষ্ট কাজ করা হচ্ছে। সেখানকার একাধিক বাসিন্দা আমাকে ফোন করে বিষয়টি জানান। আমিও খোঁজ নিয়ে এর সত্যতা জানতে পারি। সেকারণে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি। অভিযুক্ত পুরকর্মীর স্বামী বাবু হালদার বলেন, বিজেপি পার্টি অফিস থেকে ফর্ম বিলির অভিযোগ মিথ্যা। তবে আমার স্ত্রী ফর্ম বিলির ক্ষেত্রে স্থানীয় বিজেপি কর্মীদের সাহায্য নিয়েছিলেন। কোনোপ্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি শাসকদলের মুর্শিদাবাদ লোকসভা সভাপতি সৌমেন মণ্ডল বলেন, বিজেপিকে কলুষিত করার জন্য কংগ্রেসের জেলা সম্পাদক মিথ্যা অভিযোগ করেছেন। স্থানীয় বিজেপি কর্মীরা ওই মহিলা পুরকর্মীকে শুধু ফর্ম বিলি করতে সাহায্য করেছেন।
  • Link to this news (বর্তমান)