• পুর স্বাস্থ্যকেন্দ্রে মহিলা কর্মীদের শ্লীলতাহানি, ধৃত গ্রুপ-সি কর্মী
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলিলিয়াস লেনে হাওড়া পুরসভা পরিচালিত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মহিলা কর্মীদের সঙ্গে শ্লীলতাহানি ও অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গ্রুপ-সি’র এক কর্মীকে। ধৃতের নাম লোকনাথ সাহা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্রে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ মহিলা কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে হাওড়া থানার পুলিশের হাতে তুলে দেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেলিলিয়াস লেনের জাতীয় সেবাদল আইআর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে ক্ল্যারিকাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত লোকনাথ সাহার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন অজুহাতে মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। একাধিকবার মৌখিক প্রতিবাদ জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ফের এক মহিলা কর্মীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ওই কর্মীর স্বামী প্রতিবাদ করলে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য মহিলা কর্মীরা একজোট হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদে শামিল হন। অভিযুক্তকে ধরে উত্তম-মধ্যম দেন তাঁরা। পরে হাওড়া থানার পুলিশ গিয়ে লোকনাথকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও লোকনাথ সাহার দাবি, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)