জমি বিক্রির নামে প্রতারণা, কাউন্সিলার ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
বর্তমান | ০৮ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাস্তার ধারের জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়েছে। এমন অভিযোগ উঠল পানিহাটির এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। ওই বৃদ্ধা ঘোলা থানার দারস্থ হয়েছেন। যদিও অভিযুক্ত কাউন্সিলার টুলুরানি দাস ও তাঁর স্বামী তারকনাথ দাস অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
পানিহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার টুলুরানি দাস। অভিযোগ, প্রায় ১০ বছর আগে মমতা দাস নামের পানিহাটির এক বৃদ্ধাকে আগরপাড়ার সালপাতা বাগানের একটি জমি দেখানো হয়েছিল। রাস্তার ধারের জমি দেওয়ার নাম করে দফায় দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা ও রেজিস্ট্রি-সহ অন্যান্য খাতে আরও ৪০ হাজার ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে ফের অন্য্যন্য জায়গার জমি দেখানো হয়। সেই অন্য এক জায়গায় জমি দেওয়া হলেও জমির মিউটেশন আজও হয়নি।
অভিযোগকারী মমতা দাস বলেন, প্রথমে রাস্তার ধারের জমি দেখিয়ে টাকা নেওয়া হয়েছিল। এক সপ্তাহ পরে নতুন জমি দেখানো হয়। সেই জমি অনেক ভিতরে। তারপর ১০ বছর ধরে একেক সময় একেক জায়গা দেখানোর পর ভিতরের জমি দেওয়া হয়। সেই জমিতে সরকারি প্রকল্পে ঘর করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির মিউটেশন হয়নি। ঘরও তৈরি করে দেওয়া হয়নি। আমি যে জমি দেখে টাকা দিয়েছিলাম, সেই জমিই চাই। যদিও অভিযোগ অস্বীকার করে টুলুরানি দাস বলেন, শ্বশুরমশাইয়ের অনেক জমি ছিল। কিছু জমি দালালদের মাধ্যমে বিক্রি হয়েছিল। কে কার কাছ থেকে জমি কিনেছেন, তা আমার জানা নেই। আমার স্বামী জমি বিক্রি করলে ক্রেতাকে আগে জমি বুঝে নিতে বলেন। অভিযোগকারী দালালের মাধ্যমে জমি কিনে থাকলে এমন বিভ্রান্তি হতে পারে।