• সিপিএমের ডেপুটেশন কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা মগরাহাটে
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: মগরাহাটে সিপিএমের ডাকা ১৩ দফা দাবিতে বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। বিডিও অফিসের সামনে আয়োজিত সভামঞ্চ থেকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েতের সমালোচনা করা হয়। এই নিয়েই সাময়িক উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদ জানাতে বিধায়ক সরাসরি সভা মঞ্চের পাশে পৌঁছে যান। এরপর সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বিধায়ককে ঘিরে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে উঠলে, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। নিরাপত্তার স্বার্থে বিধায়ককে সেখান থেকে সরিয়ে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েত বলেন, আমি সদ্য বিধায়ক হয়েছি। এখনও সেভাবে কাজ করার সুযোগই পাইনি। অথচ সভা থেকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল। সেই কারণেই আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম।
  • Link to this news (বর্তমান)