নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার গঠন হয়েছে। শ্যামাপ্রসাদের মতো করেই দপ্তর চালাতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করতে হবে।’ মঙ্গলবার এই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নিউটাউন কনভেনশন সেন্টারে অধ্যাপক প্রণবকুমার সাহা সম্পাদিত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-নতুন ইতিহাসের খোঁজে’ শীর্ষক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে শমীকবাবু ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিশিষ্ট অধ্যাপক ও গবেষক জিষ্ণু বসু প্রমুখ। বক্তারা সবাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ, দেশভক্তি এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। শমীকবাবু বলেন, ‘শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিস্তৃত। তিনি শুধু বিজেপির প্রতিষ্ঠা করেননি, সেই সঙ্গে দেশকে নতুন দিশা দেখানো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুগপুরুষ ছিলেন।’ তাঁর আরও সংযোজন, ‘বাংলায় বিজেপি সরকার এসেছে। তাই শ্যামাপ্রসাদের মাটিতে তিনি যেভাবে চেয়েছিলেন, সেভাবেই সরকার চালাতে হবে।’ পাশাপাশি, তৃণমূলকে খোঁচা দিয়ে শমীক বলেন, ‘একজন কাউন্সিলারের কাছ থেকে ২০০ কোটি টাকা পাওয়া যাচ্ছে। শুধু পুলিশ তদন্ত করে এই পরিমাণ টাকার হদিশ পেয়েছে। ইডি তদন্ত করলে কোথায় যাবে অঙ্কটা!’