• নাবালিকাকে অপহরণ! গ্রেপ্তার
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে অশান্তি করে এক নাবালিকা ট্রেন ধরে পালিয়ে গিয়েছিল কৃষ্ণনগরে। সেখানে এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। সেই যুবকই তাকে অপহরণ করে আটকে রাখে বলে অভিযোগ। ওই নাবালিকা চিৎকার শুরু করলে স্থানীয়রা টালিগঞ্জের বাসিন্দা ওই কিশোরীকে উদ্ধার করে। তারাই রাহুল সরকার নামে এক যুবককে আটক করে স্থানীয় থানার হাতে তুলে দেয়। রবিবার রাতেই তাকে উদ্ধার করে নিয়ে আসে টালিগঞ্জ থানা। অপহরণের মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে রাহুলকে। অভিযুক্তের কুমতলব ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। 

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালে বাড়িতে ঝামেলা হওয়ায় ওই নাবালিকা ট্রেন ধরে চলে যায় কৃষ্ণনগর। সেখানে অভিযুক্তই এগিয়ে এসে  তার সঙ্গে আলাপ করে। তার কাছ থেকে বাড়িতে ঝামেলার কথাও জেনে নেয়। তারপর তাকে সাহায্য করার নাম করে নিয়ে যায় এলাকার একটি বাড়িতে। সেখানে আটকে রাখে। কিন্তু সে চিৎকার করায় প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। কিশোরীকে উদ্ধার করেন তাঁরাই। পুলিশে খবর দেন।  টালিগঞ্জ থানাকে বিষয়টি জানানো হলে তারা গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। 
  • Link to this news (বর্তমান)