• কিশোরীকে যৌন নিগ্রহ, ধৃত পড়শি
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর কাণ্ডের মধ্যেই কলকাতার নেতাজিনগরে বছর এগারোর এক নাবালিকাকে ফাঁকা বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালানোর অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম বাবলু বাগ (৫৫)। তিনি রিকশ চালক বলে জানা গিয়েছে।

    প্রাথমিক তদন্তে নেতাজিনগর থানার পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ও নির্যাতিতার বাবা পরস্পরের বন্ধু। তাঁরা পাশাপাশি বাড়িতে থাকেন। নাবালিকার মায়ের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি। উদ্বিগ্ন হয়ে খোঁজাখুজি শুরু করেন। সেই সময় প্রতিবেশী বাবলু বাগের তিনি মেয়েকে দেখতে পান। মেয়ের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফাঁকা বাড়িতে ডেকে মাঝবয়সি বাবলু ধর্ষণ করেছে মেয়েকে। এরপর ওই মহিলা নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ বাবলু বাগের বিরুদ্ধে পকসো আইনের ধর্ষণ, যৌন নির্যাতন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। অভিযুক্তকে বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই বারুইপুর এসপি অফিস থেকে এক ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব থানার ওসিদের আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন, মহিলা ও শিশুঘটিত অপরাধের ক্ষেত্রে তাঁর সরকার জিরো টলারেন্স নীতি কার্যকর করতে বদ্ধপরিকর। জানা গিয়েছে, ধৃতকে আজ, বুধবার আলিপুর আদালতে তোলার কথা।
  • Link to this news (বর্তমান)