• ফসল বাঁচাতে মেনে চলুন বিশেষজ্ঞের দেওয়া 'এইসব' গাইডলাইন, নাহলে পরে কেঁদেও কুল পাবেন না
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • মেঘলা আকাশের আবহাওয়ার সচেতনা মিললেও মালদহে দেখা নেই বৃষ্টির। আগের তুলনায় এবছর বৃষ্টি না হওয়ায় চিন্তায় পড়েছেন মালদহ জেলার কৃষকরা। কৃষি নির্ভর জেলা মালদহে বর্ষার মরশুমেও যেন খরা। তাই মাঠে এখনও প্রয়োজনমতো বৃষ্টির দিকে তাকিয়ে জেলা কৃষকরা। কেউ ধান চাষের অপেক্ষায় কেউ গম, ভুট্টা, কেউ আবার সবজি। মাঠে থাকা আগের চাষ তুলে নতুন চাষের অপেক্ষায় কৃষকরা।

    তবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পড়লেই আগামীর পরিকল্পনা নেবেন কৃষকরা। এক কৃষক উদয় মণ্ডল বলেন, “তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে বৃষ্টি। চাষের ক্ষেত্রে যে পরিমাণ বৃষ্টি প্রয়োজন তা একেবারে হয়নি। সারাবছর ধান, ভুট্টা, ভেন্ডি সহ বিভিন্ন সবজি চাষ করি। তবে বর্তমানে আবহাওয়ার এমন পরিস্থিতির ফলে আগের ফলন তুলতে পারছিনা এবং আগামী চাষের পরিকল্পনাও নিতে সমস্যা হচ্ছে।” যদিও কৃষকদের কথা মাথায় রেখে এমন পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিয়েছেন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা।

    কৃষি বিজ্ঞানী ডঃ দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের পাঁচ জেলার পাশাপাশি মালদহ জেলাতেও এল নিনো প্রভাব রয়েছে। তাই পরিমাণ মত বৃষ্টিপাত নেই জেলায়। যার ফলে চাষে ফলন বাড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের চাষ পরিকল্পনার ক্ষেত্রে মাঠে আগে নিয়মিত জল সেচ করা প্রয়োজন। সেই সঙ্গে প্রতি লিটার জলে ৫ এম‌এল এনপিকে ১৯১৯১৯ নামক সারের ব্যবহার করা যেতে পারে। পরিমাণমত জল দিয়ে মাটির উর্বরতা বজায় রাখলে চাষ সহজ হবে।”

    প্রশাসন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদিও সেখানে প্রয়োজন ছিল ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত। তাই স্বাভাবিকভাবেই অনেক কম বৃষ্টিপাত হ‌ওয়ায় চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জুলাই মাসে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও দেখার কবে থেকে হয় এই নিয়মিত বৃষ্টিপাত।
  • Link to this news (News18 বাংলা)