• বারুইপুরে এনকাউন্টার! পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
    আজ তক | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরে এনকাউন্টার! নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। প্রথম গ্রেফতার করা হয়েছিল তাকেই। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময়ে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। বারুইপুরের ঘটনায় পুলিশি এনকাউন্টার উত্তরপ্রদেশের যোগী সরকারের অনুকরণ বলেই মনে করছেন অধিকাংশ। 

    সূত্রের খবর, এনকাউন্টারে মৃত এই প্রভাস মণ্ডল পুলিশি জেরায় বারবার বয়ান বদল করছিল। তার বক্তব্যে অসঙ্গতি ছিল। ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের নাবালিকা। এরপর সূর্যপুর হাটের কাছে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনার দিন ঠিক কী কী হয়েছিল, কে নাবালিকাকে সঙ্গে করে নিয়ে যায়, কোথায় নিয়ে যাওয়া হয়, কে তার দেহ পুকুরে ফেলে, সবটা জানতে প্রভাসকে দফায় দফায় জেরা চলছিল।  

     মঙ্গলবার রাত পৌনে ১টা নাগাদ তাকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ই নাটকীয় পট পরিবর্তন হয়। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে এক রাউন্ড গুলিও চালান তিনি। পাল্টা গুলিতে জখম হয় প্রভাস। ওই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

     
  • Link to this news (আজ তক)