‘উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার’ করবে এ রাজ্যের পুলিশও। ক্ষমতায় আসার আগেই এমন মন্তব্য় করেছিলেন দিলীপ ঘোষ। বর্তমান মন্ত্রীর করা তৎকালীন সেই মন্তব্যেরই বাস্তব ছবি দেখা গেল বারুইপুরে।
BJP ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে পুলিশের ভোল বদলে যাবে বলে আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর আভাস ছিল, 'উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার হবে' এ রাজ্যেও। ঠোঁটকাটা ভঙ্গিতে তাঁর দাবি ছিল, 'মে মাসের ৪ তারিখের পর সব পাল্টে যাবে। আমি খড়্গপুরের গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে অনেক লড়াই করেছি। আবার লড়ব। এবার সকলকে ধরে ধরে ভিতরে ঢোকাব। পরিবর্তন হবেই।' তিনি আরও বলেছিলেন, 'যে পুলিশ আজ মাফিয়া আর গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশই দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে। সকলকে জেলে ঢোকানো হবে।'
বারুইপুরে এনকাউন্টারের ঘটনা দিলীপের সে সময়ে করা এই মন্তব্যেরই বাস্তব রূপ মনে করা হচ্ছে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সূত্রে দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময়ে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। বারুইপুরের ঘটনায় পুলিশি এনকাউন্টার উত্তরপ্রদেশের যোগী সরকারের অনুকরণ বলেই মনে করছেন অধিকাংশ।
এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল (মমতাপন্থী) সাংসদ মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বারুইপুর ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে খতম। পশ্চিমবঙ্গ পুলিশ, কী চলছে? বাঙালিরা, দয়া করে নতুন বাংলাকে স্বাগত জানান। এটা উত্তরপ্রদেশ ২.০। BJP সরকার নয় এটা, এটা জঙ্গল রাজ।'