কলকাতা, 8 জুলাই: ডিজিটাল যুগে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়ছে জেন জি ও আলফা প্রজন্মের। মাঠে নেমে খেলাধুলার বদলে অনেকটাই ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে অবসর। এই পরিস্থিতিতে পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাইস্কুল।
বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে। আগামী 19 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। সে কথা মাথায় রেখে 20 ও 21 জুলাই সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল ৷ ওই দুদিন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হবে বলে আগে থেকে ঠিক করা ছিল ৷ কিন্তু এখন তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সামেটিভ ও প্রি-মিডটার্ম-সহ ওই দু'দিনের সব পরীক্ষাই নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 20 জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে 29 জুলাই এবং 21 জুলাইয়ের পরীক্ষা হবে 30 জুলাই।
স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ জানান, এই সিদ্ধান্তের মূল কারণ পড়ুয়াদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করা। তাঁর কথায়, 'ফুটবল এমন একটি খেলা, যেখানে দলগত সমন্বয়, সহযোগিতা এবং একসঙ্গে লড়াই করার শিক্ষা পাওয়া যায়। সেই মূল্যবোধই ছোটদের মধ্যে গড়ে তুলতে চায় স্কুল।" অধ্যক্ষের মতে, বিশ্বকাপের ফাইনালের মতো একটি বড় ম্যাচ উপভোগ করার সুযোগ পড়ুয়াদের দেওয়া উচিত। পরদিন পরীক্ষা থাকলে অনেক অভিভাবকই সন্তানদের রাত জেগে খেলা দেখতে দিতে চাইবেন না। তাই পড়ুয়াদের স্বার্থেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "সব পড়ুয়া হয়তো ফুটবল দেখে না। তবে এই উদ্যোগের মাধ্যমে অন্তত কিছু সংখ্যক ছাত্রছাত্রী যদি খেলাটির প্রতি আগ্রহী হয়, তাহলেও সেই প্রচেষ্টা সার্থক হবে।" তাঁর ব্যাখ্যা, মাত্র 2 থেকে 5 শতাংশ পড়ুয়াও যদি নতুন করে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়, সেটাই স্কুলের কাছে বড় প্রাপ্তি।
স্কুলের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অভিভাবকদের একাংশ। তাঁদের মতে, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, খেলাধুলা ও দলগত মানসিকতার শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। সেটা পাওয়া যায় ফুটবল মাঠ থেকেই ৷ এছাড়া ফুটবলের প্রতি বাঙালির আবেগ ও ভালোবাসার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কলকাতা ময়দানের ডার্বি হোক বা বিশ্বকাপ, খেলার সময় আজও টেলিভিশনের সামনে ভিড় জমে। সেই আবহে পড়ুয়াদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সাউথ পয়েন্টের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ।