জাতীয়তাবাদের বিকাশে গেরুয়া হচ্ছে সরকারি বাস, ঘোষণা মন্ত্রী অর্জুনের
eTV Bharat | ০৮ জুলাই ২০২৬
ব্যারাকপুর, 7 জুলাই: অতীতে বাম জমানায় সরকারি বাসের রং ছিল লাল৷ 2011 সালে তৃণমূল সরকারের সময় সেই রং বদলে নীল-সাদা করা হয়৷ রাজ্যে শুরু হয়েছে বিজেপির শাসন৷ সেই সঙ্গে সরকারি বাসের গায়ে পড়ছে গেরুয়া রঙের প্রলেপ। মঙ্গলবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে রাজ্যের সমস্ত সরকারি বাসে গেরুয়া রং করা হবে৷
গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল৷ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কলকাতার টালিগঞ্জ ডিপোয় গেরুয়া রঙের একটি সরকারি বাস দেখা গিয়েছিল৷ সোনারপুর থেকে ইকোস্পেস যাওয়ার সরকারি আরও একটি বাসেও গেরুয়া রং দেখা যায়। তারপর থেকে সেই জল্পনা আরও জোরদার হয়৷ তবে কি সরকারি বাসের রং এবার গেরুয়া হতে চলেছে ?
প্রশ্নটা ঘুরছিল সমাজমাধ্যমে৷ অবশেষে কোনও রাখঢাক না-করে সোজাসাপটা সত্যি কথাটা জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ব্যারাকপুরের বাসভবন 'মজদুর ভবন' থেকে তিনি সাংবাদিকদের বললেন, ‘‘সরকারি বাসে গেরুয়া রং করা হচ্ছে৷’’
কেন এমন সিদ্ধান্ত ? পরিবহণমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘অতীতে বাম জমানায় সরকারি বাসের রং ছিল লাল৷ লাল হল বিপজ্জনক৷ আর নীল-সাদা মানে চুরির প্রতীক৷ আমরা গেরুয়া রঙে বিশ্বাস করি৷ গেরুয়া রং হল ত্যাগের প্রতীক৷ আমরা রাজ্যের সমস্ত সরকারি বাসে গেরুয়া রং করব৷ নতুন যে বাসগুলো কেনা হচ্ছে, সেগুলো গেরুয়া রঙেরই হবে।’’
তারপরই নোয়াপাড়ার বিধায়কের সংযোজন করেন, ‘‘বিজেপি জাতীয়তাবাদী দল। আমরা জাতীয়তাবাদের বিকাশ চাই। তাই, গেরুয়া রংয়ের মধ্যে দিয়ে আমরা যাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে চাইছি।’’ সরকারি বাসের রং ব্যাখ্যা করতে গিয়ে পরিবহণমন্ত্রী হিন্দি ভাষায় সরস মন্তব্য, ‘‘রামরাজ ফির আয়েগা, গেরুয়াধারী আয়েগা৷’’
উল্লেখ্য, সরকারি বাসের রং বিতর্ক অবশ্য নতুন নয়৷ 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সমস্ত বাসের রং লাল করার সিদ্ধান্ত হয়েছিল৷ 2011 সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকার গঠন করে৷ ফের সরকারি বাসের রং বদল হয়ে যায়৷ লাল বদলে বাসের রঙ হয় নীল-সাদা৷ তা নিয়েও বিতর্ক কম হয়নি। সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সরকারিভাবে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সমস্ত বাসের গেরুয়া রং করার সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেছেন৷
পরিবহণমন্ত্রীর কুর্সিতে বসার পর অর্জুন অবশ্য বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন৷ রাজ্য সরকার নতুন 400টি বাস কেনার বরাত দিয়েছে৷ কলকাতা থেকে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত বাসযাত্রার কথা তিনি ঘোষণা করেছেন৷ পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম লাইনকে নতুন করে সাজিয়ে তোলার কথা তিনি জানিয়েছেন৷
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় 70টি ট্রাম লাইনকে নতুন করে সাজানো হচ্ছে। সঙ্গে ধর্মীয় পর্যটন স্থানগুলোতে নতুন ট্রাম লাইন চালু করার কথা পরিবহণমন্ত্রী জানিয়েছেন৷ জেলায় জেলায় বন্ধ বাস রুটগুলো আবার চালু করার উদ্যোগ শুরু হয়েছে৷