• ফিরল ২০১৪-র স্মৃতি! কলম্বিয়াকে হারিয়ে মেসিদের সামনে সুইজারল্যান্ড, শেষ আটে কার বিরুদ্ধে কে
    প্রতিদিন | ০৮ জুলাই ২০২৬
  • একদিকে আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্কের আগুন। তার মাঝেই ‘চুপচাপ’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্যভাবে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটে ইউরোপের দেশ। পেনাল্টি আটকে নায়ক সুইস গোলকিপার গ্রেগর কোবেল। যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে খেলবে কে?

    এই টুর্নামেন্টের অন্যতম ডার্কহর্স ছিল কলম্বিয়া। গ্রুপ পর্বে পর্তুগালকে আটকে দিয়েছিল। ভ্যানকুভারে শেষ ষোলোর ম্যাচে লুইস দিয়াজ, জেমস রড্রিগেজদের আক্রমণের কমতি ছিল না। কিন্তু ফিনিশিংয়ের অভাবে ভুগতে হল দক্ষিণ আমেরিকার দলকে। একাধিকবার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন কলম্বিয়ানরা। গোলের সুযোগ এসেছিল সুইসদের কাছেও। একদিকে কোবেল, অন্যদিকে কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাসের সৌজন্যে কোনও দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

    সেখানে সুইজারল্যান্ডের গ্রানিট জাকা, জেকি আমদৌনি, সেড্রিক ইটেন, রুবেন ভার্গাস গোল করেন। মিস করেন ম্যানুয়েল আকাঞ্জি। অন্যদিকে কলম্বিয়ার দাভিদসন স্যাঞ্চেজের শট বারে লেগে ফিরে আসে। এরপর চুচো হার্নান্দেজের শট সেভ করেন কোবেল। জুয়ান কুইন্তেরো, জামিনটন কাম্পাজ, লুইস দিয়াজ গোল করলেও কলম্বিয়ার হার আটকাতে পারেননি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সামনে আর্জেন্টিনা। ১২ জুলাই সকাল ৬:৩০টায় ম্যাচ। ২০১৪ সালে শেষ ষোলোয় দু’দল মুখোমুখি হয়েছিল। সেবার ১১৮ মিনিটের গোলে আর্জেন্টিনাকে জেতান অ্যাঞ্জেল ডি’মারিয়া। কিন্তু ফাইনালে গিয়ে তাঁদের স্বপ্নভঙ্গ হয়।

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই, রাত ১:৩০ থেকে ফ্রান্সের লড়াই মরক্কোর বিরুদ্ধে। অন্যম্যাচে ১০ জুলাই রাত ১২:৩০টায় স্পেনের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। নরওয়ের মোকাবিলা ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচ ১১ জুলাই রাত ২:৩০টা থেকে।
  • Link to this news (প্রতিদিন)