• উত্তরে লাল সতর্কতা, দক্ষিণে আপাতত বিরতি, বৃষ্টির কী আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর?
    এই সময় | ০৮ জুলাই ২০২৬
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত সপ্তাহেই শুরু হয়েছিল বৃষ্টি। তবে, মঙ্গলবার থেকে শহরে কমেছে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবারও এমনই থাকবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, আজও উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে,আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

    বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। এর ফলে কোনও কোনও জায়গায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

  • Link to this news (এই সময়)