ট্রেনের ভরসার দিন শেষ! এবার নয়া সরকারি বাসেই হবে সোজা কলকাতা-দিঘা সফর, উপকৃত হবেন পটাশপুরবাসীরাও
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
: রাজ্যে পালা বদলের পর পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল। পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল। এবার জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহানগর আরও কাছে। আরও সহজেই প্রত্যন্ত ওই এলাকা থেকে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের পাশাপাশি কলকাতা মহানগর সহজেই পৌঁছে যাওয়া যাবে! অবশেষে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। দীর্ঘদিন ধরেই ওই এলাকার মানুষজনদের কাজের ক্ষেত্রে কলকাতা বা জেলার যে কোন প্রান্ত পৌঁছতে হলে চিন্তা গ্রাস করত। পটাশপুরের বিধায়ক তপন মাইতির বিশেষ উদ্যোগে ও প্রচেষ্টায় এই পরিষেবা সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বাঙ্গুচক মোড়ে একটি আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই এই নতুন বাস পরিষেবার শুভ সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনু প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত-সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব। এদিন মোট দু’টি সরকারি বাসের যাত্রাপথ শুরু হল। যার রুটগুলি নিচে দেওয়া হল, প্রথম বাসটি দিঘা থেকে রওনা দিয়ে এগরা, খাড়াই ও প্রতাপদীঘি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। দ্বিতীয় বাসটি এগরা থেকে ছেড়ে পটাশপুর ও মঙ্গলমাড়ো হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে।
এরপরে একদিকে যেমন দিঘা কলকাতার রুটে বাসের সংখ্যা বাড়ল, তেমনই ওই প্রত্যন্ত এলাকা থেকে দিঘা যাতায়াত আরও সহজ হবে। এলাকার বিধায়ক তপন মাইতি জানান, “এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে পটাশপুর সহ সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ, চাকুরিজীবী এবং পরীক্ষার্থীদের কলকাতা যাতায়াত অনেক বেশি সহজ ও আরামদায়ক হবে।” দীর্ঘদিন পর পটাশপুর থেকে সরাসরি কলকাতার যোগাযোগের এই সুব্যবস্থা হওয়ায় খুশির হাওয়া এলাকায়। উদ্বোধনী সভায় মন্ত্রী শান্তনু প্রামাণিক এবং সভাধিপতি বামদেব গুচ্ছাইত এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় বাস হল যাতায়াতের মূল মাধ্যম। কারণ এই জেলায় রেলপথ খুব সামান্য এলাকার উপর দিয়ে গিয়েছে। যার ফলে সাধারণ মানুষ সহজ স্কুল কলেজ পড়ুয়া, চাকুরীজীবীদের দৈনন্দিনের একমাত্র ভরসা বাস। এই নতুন বাস যাত্রা ফলে পটাশপুর ভগবানপুর সহ বিস্তীর্ণ ওই এলাকার মানুষজনের প্রভূত সুবিধা হল। এতদিন দিঘা, কলকাতা বা জেলার অন্য যে কোনও প্রান্তে পৌঁছতে হলেই বারবার বাস বদল করতে হত, এবার একটাই মাত্র বাসে করে দিঘা কলকাতা শহর জেলার যে কোনও প্রান্তে সহজেই পৌঁছে যাওয়া যাবে। এই বাস পরিষেবায় খুশি সাধারণ মানুষ।