সকালবেলা ব্যস্ত সময়ে সোদপুরে ফিউচার গেট এলাকায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক৷ প্রেমিকাকে কোপানোর পর নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে প্রেমিক৷ পথচলতি মানুষ বাধা দিতে গেলে তাঁদের উপরেও ছুরি দিয়ে হামলার চেষ্টা করে অভিযুক্ত৷ দু জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত যুবক৷
জানা গিয়েছে মৃতার নাম গীতা দাস৷ তিনি সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্র নগরের বাসিন্দা৷ ৩৩ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে হামলাকারী যুবকের অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ দু জনের মধ্যে প্রায়শই প্রকাশ্যে অশান্তিও হত৷ যদিও অভিযুক্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি৷
এ দিন সকালে সোদপুরের ফিউচার গেট এলাকায় ফের ওই তরুণীর সঙ্গে অশান্তি শুরু হয় অভিযুক্ত যুবকের৷ আচমকাই ছুরি বের করে প্রেমিকার উপরে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবক৷ স্থানীয়রা প্রথমে হতচকিত হয়ে পড়লেও কয়েকজন ওই যুবককে বাধা দিতে এগিয়ে যান৷ তাঁদেরকেও তখন ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে অভিযুক্ত৷ শেষ পর্যন্ত নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে সে৷ একসময় রক্তাক্ত প্রেমিকাকে জড়িয়ে ধরেই রাস্তার উপরে শুয়ে পড়ে আহত ওই যুবক৷
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী৷ গুরুতর আহত অবস্থায় দু জনকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই গীতা দাস নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ আহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷