• বারুইপুরে নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনায় বিরাট মোড়! বসিরহাট থেকে গ্রেফতার আরও এক
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায়, বসিরহাট থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে চার। বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তদন্তে কবীর মোল্লা নামে আরও এক অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ফলে মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই কবীর মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপন করে তদন্তকারীদের নজর এড়ানোর চেষ্টা করছিল। গোপন সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জেলা পুলিশের যৌথ দল বসিরহাটে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে।

    এর আগে একই ঘটনায় আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। ফলে বর্তমানে এই মামলায় জীবিত ধৃতের সংখ্যা তিন হলেও মোট গ্রেফতার হয়েছে চারজন। তদন্তকারী আধিকারিকদের মতে, কবীর মোল্লাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পরিকল্পনা, অপরাধ সংগঠনের সময় তার ভূমিকা এবং অন্য কোনও ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সেই কারণেই তাকে বিস্তারিত জেরা করার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।

    পুলিশের দাবি, এই মামলার তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে যে-ই অভিযুক্ত হিসেবে উঠে আসবেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্তকারী সংস্থাগুলি সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)