এ যেন 'কংস মামা'র কান্ড! আছড়ে খুন করলেন ভাগ্নেকে , চাঞ্চল্যকর ঘটনা সাগরদিঘীতে
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
মানসিক ভারসাম্যহীন এক শিশুকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল তার মামা এবং মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বারালা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর বয়স মাত্র ৩। এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সাগরদিঘি থানার পুলিশ মৃত ওই শিশুর মামা ইসরাইল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সাগরদিঘি থানার পুলিশ মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারনে এই খুন পুলিশ তা তদন্ত করে দেখছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ আব্দুরের মা আলিমুন খাতুন নিজের শ্বশুরবাড়ি থেকে বারালায় বাপের বাড়িতে আসেন। অভিযোগ উঠেছে এর কিছুক্ষণ পরেই আলিমুন এবং তাঁর এক ভাই ইসরাইল শেখ হঠাৎই মাত্র ৩ বছরের ভাগ্নেকে তুলে আছাড় মারেন এবং তারপর গলায় পা দিয়ে চিপে ধরেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পরে বাড়ির লোকেরাই উদ্ধার করে নিকটবর্তী সাগরদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কী কারনে ছোট্ট শিশুকে খুন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশু জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী ছিল। স্বাভাবিকভাবে সে চলাফেরা বা কথা বলতে পারত না। সম্ভবত সেই কারণেই ওই শিশুকে নিয়ে পরিবারের মধ্যে কিছু অশান্তি চলছিল। সেই আক্রোশ থেকে ছোট্ট শিশুকে খুন করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে সেই বিষয়ে সাগরদিঘি থানার পুলিশ এখনও নিশ্চিত নয়। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ।
মৃত ওই শিশুর এক আত্মীয়া জাহানারা বিবি বলেন,” ছোট্ট শিশুকে তার মা আলিমুন খাতুন এবং মামা ইসরাইল শেখ এবং পরিবারের অন্য কয়েকজন সদস্য একসঙ্গে খুন করেছে।” তাঁর দাবি,” আজকেই শিশুকে নিয়ে তার মা মামার বাড়ি গিয়েছিল। আমরা জানতে পেরেছি শিশুর মামা আজ গরু বিক্রি করে লক্ষাধিক টাকা পেয়েছে। সন্ধ্যা নাগাদ সেই টাকা যখন ঘরে বসে গোনা হচ্ছিল সেই সময় কোনও একটি বিষয় নিয়ে সমস্যা হয়। তখনই রাগে শিশুকে আছাড় মেরে খুন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”