• 'বিচার পাওয়ার আশা বাড়ল', বারুইপুরে এনকাউন্টারকে সমর্থন, প্রভাসের মাকেও ধন্যবাদ অভয়ার মায়ের
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • এনকাউন্টারে বারুইপুরে নাবালিকা নির্যাতন কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর তাঁর নিজের বিচার পাওয়ার আশা বাড়ল৷ এমনই দাবি করেছেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের৷

    গতকাল রাতে বারুইপুরের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে৷ পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি ছোড়ে প্রভাস৷ পাল্টা আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে মৃত্যু হয় এই অভিযুক্তের৷

    এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রত্না দেবনাথ বলেন, ‘এই পদক্ষেপকে আমি সমর্থন করছি৷ এরা কতটা বেপরোয়া যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকেই গুলি করছে৷ এদের বাঁচার অধিকার নেই৷ এরকম ছেলে যে একজন মায়ের কোল খালি করেছে তার যেন চরম শাস্তি হয়৷’

    পুলিশের এনকাউন্টারে ছেলের মৃত্যু হলেও তাঁকে সমর্থন করেননি মৃত প্রভাস মণ্ডলের মা৷ বরং ছেলে নিজের কৃতকর্মের ফল পেয়েছে বলে দাবি করেছেন প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল৷ ছেলের মৃতদেহও তিনি আনতে যাবেন না বলে জানিয়েছেন সন্ধ্যাদেবী৷ প্রভাসের মায়ের এই দৃঢ় অবস্থানের জন্য ও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রত্না দেবনাথ৷ পানিহাটির বিজেপি বিধায়ক বলেন, ‘সেই মাকেও আমি প্রতিবাদী ভূমিকার জন্য ধন্যবাদ জানাই৷ আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই৷ আমার বিচারের আশা আরও বেড়ে গেল, বিচার তো আমি পাবোই আরও তাড়াতাড়ি পাবো এই ভরসা রাখছি৷’

    প্রসঙ্গত ছেলের মৃত্যুর পর প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল বলেছিলেন, ‘মায়ের তো কষ্ট হবেই, কিন্তু ও যা কাজ করেছে তার ফল পেয়েছে৷ মেয়েটার উপরে যেভাবে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়েছে, ভালই হয়েছে৷ ওর মৃতদেহও আমি আনব না৷ ওকে আমি আর দেখতে চায় না৷ আমার কথা না শুনেই নেশা করত, এখন আর আমার কিছু বলার নেই৷’

    শুধু প্রভাস মণ্ডলের মা নন, তাঁর স্ত্রীও স্বামীর মৃত্যুতে আক্ষেপ প্রকাশ করেননি৷ বরং প্রভাসের চারিত্রিক দোষের কথা স্বীকার করেছেন তিনি৷ প্রভাসের স্ত্রীর কথায়, ও অন্যায় করেছে, দোষ করেছে, গুলি খেয়েছে৷
  • Link to this news (News18 বাংলা)