• জ্যোতি বসুকে নিয়ে কোন 'ইতিহাস' তুলে আনলেন কুণাল ঘোষ!
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯১৪, ৮ জুলাই। জ্যোতি বসুর জন্মবার্ষিকী। আর সেই দিনেই, সোশ্যাল  মিডিয়ায় পোস্ট তৃণমূলের কুণাল ঘোষের। সঙ্গে জ্যোতি বসুর সঙ্গে, নিজের একটি পুরনো  দিনের সাদা-কালো ছবিও পোস্ট করেছেন বেলেঘাটার বিধায়ক। কুণাল যখন 'তরুণ সাংবাদিক' সেই সময়ের কথা লিখেছেন, একইসঙ্গে তুলে ধরেছেন ১৯৯৬ সালের 'বিতর্কিত' অধ্যায় প্রসঙ্গও। 

    কুণাল কী লিখেছেন? সাংবাদিক জীবনের পূর্বকথা স্মরণ করে কুণাল লিখেছেন, 'জ্যোতি বসু,১৯৯২। ৩৪ বছর আগের ছবি। খেতে খেতেই এক তরুণ সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। সাংবাদিকের নাম কুণাল ঘোষ। ছাত্র, যুব, এলাকার রাজনীতি, বলা ভালো বিরোধী রাজনীতি থেকে ততদিনে সাংবাদিকতায়। বামফ্রন্ট সরকারের হাজার সমালোচনা, কিন্তু ব্যক্তি জ্যোতি বসুকে 'কভার' করা একটা অভিজ্ঞতা, যা সাংবাদিকতা ও রাজনীতি, দুদিকেই কাজে লাগে।'

    তারপরেই কুণাল টেনে এনেছেন ১৯৯৬ সালের প্রসঙ্গ। লিখেছেন, '১৯৯৬, যেদিন দিল্লিতে নাটকীয়ভাবে জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব খারিজ করে, সেই ঐতিহাসিক দিনেও সকাল থেকে রাত, কাছ থেকে দেখেছি জ্যোতিবাবুকে। লিখেওছি ঘটনাক্রম।'

    ১৯৯৬ সালের ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য, সেই বছর সাধারণ নির্বাচনের পর কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কেন্দ্রে যুক্তফ্রন্টের সরকার গঠনের পরিস্থিতি তৈরি হয়। সেই সময়েই জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী পদে বসার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব, খারিজ হয়ে যায়  সিপিআই(এম) পলিটব্যুরো এবং সেন্ট্রাল কমিটির বৈঠকে। যদিও বৈঠকে, আলোচনায় পক্ষে-বিপক্ষে, ভিন্ন যুক্তিও উঠে আসে। বিপক্ষের যুক্তি ছিল, কেন্দ্রে খুব কম আসন থাকায়, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলেও, মূল নীতি ও জনকল্যাণমূলক নীতি বিশেষ করে সেই সময়ে আলোচনায় থাকা ভূমি বণ্টন নীতি কার্যকর করতে পারা যাবে না। অন্যদিকে পক্ষে যুক্তি ছিল, যদি এই বাস্তবায়নে বাধা আসেও, তবু অন্তত সাধারণ মানুষ জানতে পারবে, বামেদের ভূমি বণ্টন নীতি প্রসঙ্গে। পক্ষে-বিপক্ষে যুক্তির মাঝে দাঁড়িয়ে জ্যোতি বসুর আর প্রধানমন্ত্রী হওয়া হয়নি। পরে তিনি দলের এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক ভুল' বলেও উল্লেখ করেছিলেন। জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে, সেই প্রসঙ্গই টেনে তুলে আনলেন কুণাল ঘোষ। 

    একেবারে পোস্টের শেষে তিনি লিখেছেন, 'প্রবল দাপুটে ব্যক্তিত্ব, শেষ দেখেছি  অবসরক্লান্ত খানিকটা নিঃসঙ্গ শরীর, মন ভাঙা এক বৃদ্ধ। বিশ্লেষণ, মূল্যায়ন, সমালোচনা থাকবে। তবু, জন্মবার্ষিকীতে প্রণাম জ্যোতি বসু।' 

     
  • Link to this news (আজকাল)