• আনন্দ সর্দার কি সিপিআইএমের পোলিং এজেন্ট?
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার আরও এক ব্যক্তিকে আটক করল পুলিশ। বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম এবং এসটিএফ (STF) যৌথভাবে ওই ব্যক্তিকে আটক করেছে। এই নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার নৃশংস মৃত্যুর পর এলাকায় যে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল— পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো এবং উত্তেজিত জনতার মারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে— সেই সমস্ত অশান্তির প্রেক্ষিতেও বেশ কয়েকজনকে দফায় দফায় আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

    এরই মধ্যে এই মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্ক দানা বেঁধেছে। সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে যে, এই ঘটনার অন্যতম ধৃত অভিযুক্ত আনন্দ সরকার নাকি বিগত নির্বাচনে সিপিএমের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছিল। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সিপিএম নেতৃত্ব। দলের অফিশিয়াল পেজ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি একটি পরিকল্পিত ভুয়ো রটনা, সাধারণ মানুষ যেন এই গুজবে কান না দেন। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে দাবি করা হয়েছে, ধৃত আনন্দ সরকারের সঙ্গে পার্টির কোনওকালেই কোনও  সম্পর্ক ছিল না। সিপিএমের এক রাজ্য কমিটির সদস্য এই প্রসঙ্গে জানান, "ধৃত ব্যক্তি পোলিং এজেন্ট ছিল কি না, তা নির্বাচন কমিশনের তথ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবে। কারণ বুথে বসার সময় এজেন্টের সমস্ত নথিপত্র কমিশনে জমা দিতে হয়। সেটা যাচাই করলেই সত্যিটা সামনে আসবে।"

    এদিকে, এই মামলার অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে সূর্যপুর এলাকায় ঘটনার পুনর্নির্মাণের (ক্রাইম রিকনস্ট্রাকশন) জন্য নিয়ে যাওয়া হলে প্রভাস আচমকাই পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাকে রুখতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ১২ বছরের নাবালিকার ওপর এমন চরম বর্বরতার ঘটনায় রাজ্যজুড়ে যে ক্ষোভের আগুন জ্বলছিল, প্রভাসের এই এনকাউন্টারের পর তা এক নাটকীয় মোড় নিল। তবে পুলিশের এই তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বারুইপুর জুড়েই কড়া পুলিশি নিরাপত্তা জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)