• ‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিল নিয়ে খোঁচা দিলেন দিলীপ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুর গণধর্ষণ-খুন কাণ্ড নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সদর্থক পদক্ষেপ করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। তার উপর যে অভিযুক্ত পালাতে চেষ্টা করেছিল তাকে এনকাউন্টার করা হয়েছে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা হয়েছে এই গণধর্ষণ কাণ্ডে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর নয়া সরকারের দু’মাসের মধ্যে গণধর্ষণের এমন নির্মম, নিষ্ঠুর ঘটনার প্রতিবাদে রাজপথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

    এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও শর্তসাপেক্ষে। তবে বারুইপুর কাণ্ড-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে বুধবার দুপুরে কলকাতার রাজপথে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিলকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না শাসকদল বিজেপি। বরং বুধবার প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই। একা মর্নিং ওয়াকে যাবে, যাক। আর বারুইপুর গণধর্ষণ-খুনের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।’

    অন্যদিকে আগাম ঘোষণা করা এই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক প্রচার শুরু হয়েছে সমাজমাধ্যমে। এই মিছিলের রুট বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়। সেখানে ভিড় যাতে হয় সেই চেষ্টা করা হয়েছে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। তবে ১৫ বছর তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি থেকে অভয়া কাণ্ড ঘটেছিল। সেখানে নয়া বিজেপি সরকারের আমলে বারুইপুর বেশ বড় ঘটনা। তাই আগের সরকারের আমলে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সামনে তুলে এনে জোর সমালোচনা করা হচ্ছে। তাই দিলীপের কটাক্ষ, ‘আগে এসব ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বলতেন, ছোট ঘটনা, নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন, লাভ অ্যাফেয়ার ছিল বলা হতো এবং অভয়া কাণ্ডের প্রতিবাদে যখন গোটা বাংলা রাস্তায় নেমেছিল, সেটাকে ‘হুজুগ’ বলে দাগিয়েছিলেন। এখন বারুইপুরের ঘটনা ঘটতেই  প্রতিবাদে পথে নামতে মরিয়া উনি।’

    তাছাড়া বুধবার দুপুর ২.৩০ নাগাদ বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয় মিছিল। তবে এই মিছিল নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এদিন দিলীপ ঘোষ সুর চড়িয়ে বলেন, ‘উনি মিছিল করবেন বলছেন, কিন্তু হাঁটবে কে? ওনার সঙ্গে তো কেউ নেই। একা মর্নিং ওয়াকে যাবে, যাক! কী আছে। বাংলায় এতদিন দোষীরা শাস্তি পায়নি, তাই অপরাধ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। কিন্তু আর ওসব চলবে না। কাউকে ছাড়া হবে না। যারা অন্যায় করেছে সকলে শাস্তি পাবেই। মানুষ এবার শান্তিতে থাকবে বাংলায়।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)