একবার স্ক্রিন শেয়ার, তারপরই খালি ব্যাংক অ্যাকাউন্ট! ২ বছর পর পুলিশের জালে অভিযুক্ত
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
ফোনে কথা বলতে বলতে স্ক্রিন শেয়ার করার ফাঁদে পড়ে ৯৯ হাজার টাকা খুইয়েছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা শ্রাবণ কুমার সেনাপতি। ২০২৪ সালের সেই ঘটনায় প্রায় দুই বছর পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলা সাইবার থানার পুলিশ।
ধৃতের নাম সাদ্দাম মিয়া। পুলিশ তাকে বীরভূম জেলা থেকে গ্রেপ্তার করেছে। বুধবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাসে গোপীবল্লভপুরের বাসিন্দা শ্রাবণ কুমার সেনাপতির মোবাইলে একটি ফোন আসে। ফোনে নানা অছিলায় তাকে মোবাইলের স্ক্রিন শেয়ারিং অ্যাপ চালু করতে বলা হয়। প্রতারকদের কথায় স্ক্রিন শেয়ার করতেই ওটিপি (OTP) এবং ব্যাংকের সমস্ত গোপন তথ্য তাদের হাতে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়।
প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ২০২৪ সালের জুন মাসেই ঝাড়গ্রাম সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবণ কুমার সেনাপতি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার থানার পুলিশ। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, তার টাওয়ার লোকেশন এবং কল ডিটেইলস রেকর্ড (CDR) খতিয়ে দেখা হয়। পুলিশ জানিয়েছে, অত্যন্ত চতুরতার সঙ্গে কাজ করায় অভিযুক্তের হদিস পেতে যথেষ্ট বেগ পেতে হয়। অবশেষে দীর্ঘ দুই বছরের নিরবচ্ছিন্ন চেষ্টার পর বীরভূম থেকে সাদ্দাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের পিছনে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং-এর মতো কোনও বড়সড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য র্যাকেট কাজ করছে। ধৃতকে হেফাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হবে।