• ঢুকলে খালি হাতে ফেরা অসম্ভব! আমের ১৫ পদ থেকে টেরাকোটা, একছাদের তলায় সবকিছুর নয়া ঠিকানা
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • : ওয়েবসাইটের পর এবার ‘আমার মালদা’, জেলার উৎকৃষ্ট পণ্যের প্রদর্শন, বিপণন ও ‘আমার মালদা’ ব্র্যান্ডকে আরও জনপ্রিয় ও শক্তিশালী করে তুলতে অভিনব উদ্যোগ নিল মালদহ জেলা প্রশাসন। জেলার বিখ্যাত আম থেকে শুরু করে মাখানা, হস্তশিল্প ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবার সবই মিলবে এক ছাদের তলায়। মালদহ সমবায়িকার নেতাজি সুভাষ রোডে উদ্বোধন হল ‘আমার মালদা স্টোর’।

    এই স্টোরে শুধু তাজা আম নয়, আম দিয়ে তৈরি প্রায় ১৫ ধরনের খাদ্যসামগ্রী পাওয়া যাবে একই ছাদের তলায়। এর মধ্যে রয়েছে আমচুর, বিভিন্ন ধরনের আচার, আমসত্ত্ব, গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ, পাকা আমের স্কোয়াশ, ম্যাঙ্গো পাল্প-সহ একাধিক মূল্য সংযোজিত পণ্য। পাশাপাশি মাখানা, হলুদ, টেরাকোটা শিল্পকর্ম, বাঁশ ও পাটের তৈরি সামগ্রী, হস্তনির্মিত কাপড়, বিভিন্ন সজ্জাসামগ্রী এবং জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠী, কৃষক উৎপাদক সংগঠন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি নানা পণ্যও বিক্রি হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অফলাইন বিক্রির পাশাপাশি ‘আমার মালদা’ ওয়েবসাইটের মাধ্যমেও ক্রেতারা অনলাইনে অর্ডার করতে পারবেন। ফলে জেলার কৃষক, ব্যবসায়ী, রফতানিকারক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি হবে। মালদহ জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানান, “এই স্টোরের মূল লক্ষ্য শুধুমাত্র পণ্য বিক্রি নয়, বরং জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় উৎপাদনকে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। এতে শিল্পী, স্বনির্ভর গোষ্ঠী, কৃষক ও উদ্যোক্তারা সরাসরি বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।”

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক আধিকারিক থেকে রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু-সহ জেলার সাংসদ, বিধায়করা। এ বিষয়ে উত্তর মালদহ সাংসদ খগেন মুর্মু বলেন, “এই উদ্যোগ জেলার কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ও ঐতিহ্যবাহী হস্তশিল্পকে নতুন পরিচিতি দেবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।” অন্যদিকে, রাজ্য সরকারের চিফ হুইপ তথা ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, “‘আমার মালদা স্টোর’ স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    জেলা প্রশাসনের আশা, ‘আমার মালদা’ ভবিষ্যতে জেলার স্বতন্ত্র আঞ্চলিক ব্র্যান্ড হিসেবে দেশ-বিদেশের বাজারে মালদার পরিচিতিকে আরও সুদৃঢ় করবে।
  • Link to this news (News18 বাংলা)