হাওড়া ময়দান চত্বরে চলল বুলডোজ়ার। বুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণির দু’পাশে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। সরকারি জায়গা দখল করে এই দোকানগুলি চলছিল। জেলা প্রশাসন নোটিসও দিয়েছিল। এর পরে এ দিন বুলডোজ়ার চলে। এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিরাট পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স।
উচ্ছেদ অভিযান চলাকালীন ব্যস্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন থেকে জানানো হয়েছে, দিন কয়েক আগে উঠে যাওয়ার জন্য দোকান মালিকদের নোটিস দেওয়া হয়। তা সত্ত্বেও তাঁরা না ওঠায় এ দিন উচ্ছেদ অভিযান চালানো হয়।
যেখানে এই উচ্ছেদ চালানো হয়, সেখানে হাওড়া জেলা হাসপাতালের মূল গেট রয়েছে। এ ছাড়াও সামনে জেলাশাসকের অফিস, হাওড়া আদালত এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন রয়েছে। সেই সব ভবনের গায়ে ফুটপাথে গড়ে ওঠা ছোট গুমটি দোকানগুলি এ দিন গুঁড়িয়ে দেওয়া হয়।
এখানেই ছোট্ট দোকান ছিল মুন্না সাউয়ের। চা, তেলেভাজা বিক্রি করেন মুন্না। তাঁর দোকান ভাঙা পড়েছে এ দিন। তিনি জানান, এই দোকানের টাকায় বয়স্ক বাবার ওষুধ থেকে সন্তানের পড়াশোনার খরচ, যাবতীয় চলে। কী ভাবে কী চালাবেন বুঝতে পারছেন না এ বার। যদিও প্রশাসনের দাবি, এ রকম গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি জমি দখল করে দোকান গড়া অবৈধ। তাই নোটিস দিয়ে বলাও হয়েছিল।