শ্রাবণী মেলা ঘিরে তারকেশ্বরে একাধিক উদ্যোগ বিজেপি-র
আজকাল | ০৯ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়াঃ শ্রাবণী মেলাকে সামনে রেখে তারকেশ্বরকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। সমাজমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে ছবি আঁকতে আগ্রহী শিল্পীদের তারকেশ্বরে এসে দেওয়ালচিত্র নির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তারকেশ্বর মানেই বাবা তারকনাথের ধাম। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী জল নিয়ে এসে শিবের মাথায় জল নিবেদন করেন। সেই ধর্মীয় আবহের সঙ্গে শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতেই এই উদ্যোগ বলে দাবি আয়োজকদের।
পোস্টারে জানানো হয়েছে, শিল্পীদের আঁকার বিষয় হবে ‘শিবপুরাণ’, ‘তারকেশ্বরের ইতিহাস’ এবং শিবপুরাণ-ভিত্তিক অন্যান্য চিত্র। নির্বাচিত শিল্পীদের হাত ধরে তারকেশ্বরের বিভিন্ন দেওয়াল রঙিন হয়ে উঠবে পৌরাণিক কাহিনি, শৈব সংস্কৃতি এবং তারকেশ্বরের ঐতিহাসিক ঐতিহ্যের নানা উপস্থাপনায়।
শ্রাবণী মেলায় প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হয়। সেই ভিড়ের মাঝেই দেওয়ালচিত্রের মাধ্যমে তারকেশ্বরকে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। অন্যদিকে স্থানীয় ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যও শিল্পের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আগ্রহী শিল্পীদের অংশগ্রহণের জন্য পোস্টারে একটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। বিধায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা এই উদ্যোগে যুক্ত হতে চান, তাঁরা ওই নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন।
শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এবার শিল্প ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দেওয়ালচিত্রের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এ দিকে, তারকেশ্বর শ্রাবণী মেলা প্রচারকে সামনে রেখে প্রকাশ্যে পোস্টারে রয়েছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতা অরিজিৎ দাসের ছবি। শুধু শিল্পীদের জন্য দেওয়াল চিত্র নির্মাণের আহ্বান নয়, আরও একাধিক উদ্যোগের নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। জানা গিয়েছে, মোট চারটি বৃহৎ সেবা শিবিরের ব্যবস্থা করা হবে। রাস্তাজুড়ে ১৬টি সহায়তা ক্যাম্প থাকবে।দৃষ্টিনন্দন বিশেষ আলোকসজ্জার পরিকল্পনা করা হবে। গড়ে তোলা হবে বিশাল স্মার্ট গেট।
এ ছাড়া, মন্দির প্রাঙ্গণে বিশেষ লেজার শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের জন্য আয়োজন করা হবে মেডিক্যাল ক্যাম্প। মেলা প্রাঙ্গণের ১০০ মিটার জুড়ে ‘শিব পুরাণ’ ও ‘তারকেশ্বরের ইতিহাস’-এর মনোমুগ্ধকর উপস্থাপনার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই মেলায় যোগদানের জন্য সনাতনী ধর্মাবলম্বীদের যোগদানের আহ্বান জানিয়েছেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান।