'বাড়িতে এসে আমাকে ভয় দেখিয়েছে', বিস্ফোরক দাবি মমতার
আজকাল | ০৯ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: হাজরায় ধুন্ধুমার। বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ছাত্র-যুবদের মিছিল ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। হাইকোর্টের নির্দেশ মতো, বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওঠে 'চোর চোর' ধ্বনি। চলে 'মাছ চোর' গান। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কালীঘাট তৃণমূল ও বিজেপির কর্মীরা। তৃণমূলের অভিযোগ, এই তাণ্ডবের নেপথ্যে রয়েছে বিজেপি। চরম বিশৃঙ্খলার মধ্য়ে মিছিলে যোগ ভিড় নিয়ন্ত্রণ ব্যস্ত হয়ে পড়েন মমতা ব্যানার্জি। পুরো বিষয়টিকে বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনৃঙ্খলার অবনতি বলে তোপ দাগেন তিনি।
মমতা ব্যানার্জি বলেন, "হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এই মিছিল হচ্ছে। কিন্তু, বিজেপির গুন্ডারা আমার বাড়িতে সকালে এসে চিৎকার করে ভয় দেখিয়েছে। সকলেই জানি এই সরকার কীভাবে তৈরি হল। আমাদের কোথাও যেতে দিচ্ছে না। হাউস অ্যারেস্ট করেছে। নজরদারি চালাচ্ছে। কিন্তু, মেয়েদের কোনও সুরক্ষা দিতে পারছে না পুলিশ। ভাড়াটে গুন্ডারা লুম্পেনগিরি করেছে। ছেলে-মেয়ে সকলকে মারা হয়েছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? তা সত্ত্বেও মিছিল হল। আমাদের হ্যান্ড মাইকের পারমিশন ছিল, সেটা কেড়ে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের চেয়েও পরিস্থিতি খারাপ।"
রামমন্দিরে চুরির ঘটনাকে তুলে ধরে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, "যারা রামের টাকা চুরি করে খায়। যারা প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে, তাঁরাই রামের নামে শ্লোগান দিয়ে রামের অবমাননা করছে। আমি বলি 'রামকা নাম বদনাম না করো।"
মমতা ব্যানার্জির দাবি, "হাইকোর্টের রায় মেনে পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। এটা আদালত অবমাননা। আমরা এর ধিক্কার জানাই। দু'মাসের মধ্য়ে ১৪ জন মহিলা নিগ্রিহীত। সরকারের কাছে আবেদন, শান্তি বজায় রাখুন।"
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে তৃণমূলের ছাত্র, যুবদের মিছিল ছিল হাজরা মোড় পর্যন্ত। অভিযোগ, অন্য একটি মিছিল সেখানে ঢুকে পড়ে। এর ফলেই অশান্তি শুরু হয়। তৃণমূলের অভিযোগ, এভাবে মিছিলে ঢুকে পড়ার অর্থ আদালত অবমাননা। বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তাঁরা। শুরু হয় মারপিট।