ঝুলিয়ে দেওয়া হয়েছিল তালা, পুলিশ সুপারকে অভিযোগের পরই খুলল অনুব্রতর কার্যালয়
News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
মঙ্গলবার বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে বীরভূম জেলার বোলপুর শহরে নিচুপট্টির অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এরপরে কয়েক ঘণ্টা যেতে না যেতে মধ্যরাতে খুলে দেওয়া হল অনুব্রত মণ্ডলের তৃণমূল জেলা কার্যালয়। সূত্র মারফত জানা গিয়েছে, ইমেল মারফৎ বীরভূম জেলা পুলিশ সুপারকে অভিযোগ করা হয়েছিল, তারপরেই পুলিশের তরফে চাবি তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে।
অভিযোগ, মঙ্গলবার নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে বোলপুর পৌরসভায় অভিযানের সময় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে কর্মীদের বের করে তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা। আর সেই সময় পুলিশ ছিল কার্যত নীরব দর্শকের ভূমিকায়। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার অনেক আগে থেকেই বোলপুরে তাদের কার্যালয় রয়েছে। তৃণমূল ক্ষমতায় আসার পর এই কার্যালয়কে ঢেলে সাজানো হয়েছিল অনুব্রত মণ্ডলের তরফ থেকে। এটি দলের দলীয় কার্যালয় হলেও এটি পরিচিত ছিল অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসাবেই।
এই কার্যালয় থেকে অনুব্রত মন্ডল একসময় বিভিন্ন নির্বাচন পার করেছেন। শোনা যায় এই কার্যালয় থেকে ঠিক হতো কোন থানায় কোন পুলিশ অফিসার থাকবে, দলের কোন কাজের কে দায়িত্বে থাকবে, কোন ঠিকাদার কীসের টেন্ডার পাবেন ইত্যাদি। তবে রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবা না-মেলা, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে বোলপুর পুরসভা অভিযান করা হয়। আর ঠিক সেই সময় পুরসভা থেকে অদূরে থাকা অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে চড়াও হন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা। কার্যালয় থেকে কর্মীদের বের করে দুটি তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপির তরফে। তৃণমূল কর্মীদের থেকে জানা গিয়েছে, এই মর্মে বীরভূম জেলা পুলিশ সুপার ও বোলপুর থানার আইসি-কে ইমেল মারফৎ অভিযোগ করেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এরপরেই বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের কাছ থেকে তৃণমূল কার্যালয়ের চাবি নেন বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখ। খুলে দেওয়া হয় তালা।