বাংলাদেশে ‘পুশ ব্যাক’! বছর পেরিয়ে মহদিপুর সীমান্ত দিয়ে দেশে সোনালি বিবির স্বামী-সহ ৪
প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
প্রায় এক বছর পরে দুই নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরলেন সুইটি বিবি-সহ বীরভূমের পাইকর গ্রামের চারজন। তাঁদের মধ্যে রয়েছেন সোনালি বিবির স্বামী দানেশ শেখও। তাঁদের অসম থেকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। গত ডিসেম্বরেই দেশে ফেরেন সোনালি। বুধবার দুপুরে মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে সোনালির স্বামী-সহ ৪ জন ভারতে ফিরলেন। এর ফলে স্বস্তিতে পরিবারের সদস্যরা।
কাজের সূত্রে পরিবারকে নিয়ে দিল্লিতে থাকতেন সুইটি বিবি, সোনালি বিবিরা। গত বছর জুন মাসে দিল্লি পুলিশ অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের আটক করে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করে দেয় বলে অভিযোগ। বাংলাদেশের জেলে তাঁরা কিছুদিন বন্দি ছিলেন। পরে কলকাতা হাই কোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আইনি লড়াইয়ের পর গত বছর ডিসেম্বর মাসে দেশে ফেরেন বীরভূমের সোনালি বিবি। এদিন সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান ও সোনালির স্বামী দানেশ শেখ ভারতে ফিরে আসেন।
পরিবারের অভিযোগ, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে সুইটি, সোনালিদের বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছিল। সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দীর্ঘদিন আইনি লড়াই চলে। সেই মামলার প্রেক্ষিতে দেশে ফিরতে পারলেন সুইটি, দানেশ শেখরা।
এবিষয়ে সামিরুল ইসলাম সমাজমাধ্যমে লেখেন, “দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, দেশে ফেরার আনন্দ। সত্যের জয়, ন্যায়ের জয়! বীরভূমের সেই অসহায় মানুষগুলোর চোখে আজ যে জল, তা স্বস্তির, মাতৃভূমিতে ফিরে আসার আনন্দের।” তিনি আরও লেখেন, “গত ২২ মে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশে আটকে থাকা ওই ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর হতে কিছুটা সময় লাগলেও, আজ অবশেষে ন্যায়ের জয় হল।”