কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
কৃষকদের জন্য চালু হতে চলেছে ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ হবে। একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে ৩০ লক্ষের নাম বাদ যেতে পারে।
সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কীভাবে কৃষকদের যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্নসূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষকবন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে। সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারের একাধিক লোককে এই ফর্ম পূরণ করতে হবে না।
অন্যদিকে, বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দু’পক্ষই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান, শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন। একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে।
কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল-আপ করতে হচ্ছে, তেমনই কৃষকবন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষকবন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হতে চলেছে কাজ।